শিবগঞ্জে চার খুনের মামলা ডিবিতে, কাজ শুরু করেছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গলা কেটে চারজনকে হত্যা মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়েছে। বুধবার বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এ নির্দেশ দেন। ডিবির পরিদর্শক আছলাম আলী আলোচিত এই মামলা তদন্ত করছেন।

অন্যদিকে ৪ খুনের রহস্য উদ্‌ঘাটনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল মণ্ডলকে প্রধান করে পুলিশ সুপারের পক্ষ থেকে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি বুধবার থেকে কাজ শুরু করেছে। কমিটিকে ১০দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল মণ্ডল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বুধবার তদন্তকাজ শুরু করা হয়েছে। আপাতত মাদককে সামনে রেখেই তদন্ত চলছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। কাল-পরশুর মধ্যে চার খুনের ‘ক্লু’ বের করা সম্ভব হবে বলে আশা করছি।’ 

অতিরিক্ত পুলিশ সুপারও আরও বলেন, খুনের কারণ উদ্‌ঘাটন ছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল ছাড়াও মামলার তদন্ত তদারক করছে এই কমিটি।

কমিটির অন্য সদস্যরা হলেন, জেলার শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান, থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন, ডিবির পরিদর্শক আছলাম আলী, ডিবির উপপরিদর্শক ফিরোজ আহমেদ ও সোহেল রানা।

তদন্ত কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে থানায় আনা হলেও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ৫ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখন পর্যন্ত মামলার তদন্তকাজে লাগে এমন কোনো তথ্য মেলেনি।’

গত সোমবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাবুইর মাঠে ধানখেতে হাত বাধা অবস্থায় গলাকাটা চার লাশ উদ্ধার হয় । পরে স্বজনেরা এসব লাশ শনাক্ত করেন। হত্যাকাণ্ডের শিকার চার ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার কাঠগাড়া পূর্বপাড়ার শাহাবুল ইসলাম ও জাকারিয়া এবং জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামের হেলাল উদ্দিন ও একই উপজেলার নান্দাইলদীঘি (লখইর) গ্রামের খবির উদ্দিন।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা প্রথম আলোকে বলেন, ‘শিবগঞ্জে চার খুনের এখন পর্যন্ত কোনো কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। কয়েকটি বিষয়কে সামনে রেখেই তদন্ত চলছে। তদন্তের স্বার্থে সেই বিষয়গুলো এখনই বলতে চাচ্ছি না।’