শিবগঞ্জে চারটি ইটভাটা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লারদিয়াড় এলাকায় চারটি ইটভাটার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনের পর এক মাসের মধ্যে এগুলো বন্ধ ও স্থানান্তরের নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে।
৭ মে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশিদের সই করা এক নোটিশের মাধ্যমে এ নির্দেশের কথা জানানো হয়।
নোটিশ পাওয়া ইটভাটাগুলো হচ্ছে জগন্নথ চন্দ্র প্রামাণিকের মেসার্স সনি ব্রিকস ও মেসার্স সনি ব্রিকস-২, তৌফিকুল ইসলামের মেসার্স সাথী ব্রিকস ও আবু তালেবের মেসার্স সেভেন স্টার ব্রিকস।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কনিষ্ঠ রসায়নবিদ রফিকুল ইসলাম গত ২৫ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইটভাটাগুলোর খুব কাছেই আমবাগান, কলাবাগান, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ইটভাটাগুলোর ধোঁয়ায় এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। এ ছাড়া ইটভাটাগুলোর কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। ওই প্রতিবেদন দাখিলের পর পরিবেশ অধিদপ্তর আগামী এক মাসের মধ্যে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ ও স্থানান্তরের নির্দেশ দেয়।
এ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে সেভেন স্টার ব্রিকসের মালিক আবু তালেব বলেন, ‘সারা বাংলাদেশের আনাচকানাচেই এমন অসংখ্য ইটভাটা রয়েছে। এর সবগুলো বন্ধ না হলে আমরাও বন্ধ করব না। পরিবেশ অধিদপ্তরের এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিট করেছি।’
এ ব্যাপারে অন্য তিনটি ইটভাটার মালিকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গত ১৮ মে সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর হতে কয়লারদিয়াড় বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটারব্যাপী এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে ‘কয়লারদিয়াড় পরিবেশ সংরক্ষণ কমিটি’। এতে অংশ নেয় এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ।