শিবগঞ্জে জমে উঠছে কোরবানির পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত পশু কেনাবেচার হাট বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট। কোরবানির ঈদ ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরুর ব্যাপারীরা এরই মধ্যে বিক্রির জন্য এ হাটে গরু আনতে শুরু করেছেন। ফলে জমে উঠতে শুরু করেছে মহাস্থান হাট।
তবে খুচরা ক্রেতারা এলেও এখনো কোরবানির জন্য পশু কেনা শুরু করেননি। মূলত গবাদিপশুর পাইকারি ব্যবসায়ীরাই কিনছেন বেশি। তাঁরা এখান থেকে গরু বা ছাগল কিনে রাজধানী ঢাকায় বা অন্যত্র পাঠাচ্ছেন। কিন্তু এখন যে দাম যাচ্ছে, তাতে বিক্রেতারা লাভের মুখ দেখছেন না বলে জানিয়েছেন।
উপজেলার চার-পাঁচজন গরু পালনকারী ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর গরুর দাম বেড়েছে। এ জন্য এবার উপজেলায় গরুর খামারি ও ব্যাপারীরা কোরবানির মৌসুমকে লক্ষ্য করে এ খাতে ভালোই টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু এখনো আশানুরূপ দাম না পাওয়ায় অনেকেই হতাশ হয়ে পড়ছেন।
উপজেলার মহাস্থান হাটে গত বুধবার গিয়ে দেখা যায়, হাটে অনেক গরু উঠেছে। অবশ্য ক্রেতা তুলনামূলক কম। এর মধ্যে কিছু ভারতীয় গরুও দেখা গেল। তবে দেশি জাতের গরুর চাহিদাই বেশি বলে জানান বিক্রেতারা।
উপজেলার তেঘরী মহল্লার গরু ব্যবসায়ী শামসুল ইসলাম (৫৫) বলেন, এখন পর্যন্ত গরুর দাম গত বছরের মতোই আছে। তবে ভারতীয় গরু আসবে বলে কানাঘুষা চলছে। তা যদি হয় তবে গরুর দাম কমে যাবে। আর যদি ভারতীয় গরু না আসে তবে দাম ভালোই পাওয়া যাবে বলে মনে করছেন শামসুল ইসলাম।
গরু বিক্রেতা মাহবুব হোসেন (৪৫) বলেন, ‘ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় বেশি লাভের আশায় চার মাস ধরে ১২টি গরু কিনে লালনপালন করছি। কিন্তু এখন দেখছি তেমন ক্রেতাই নেই। ভরসা ঈদের আগের এক সপ্তাহ।’
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, গরু মালিকদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে। তবে ঈদ যত এগিয়ে আসবে তত এ সমস্যা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।