শিবগঞ্জে জলাতঙ্কের প্রতিষেধক-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জলাতঙ্ক রোগের প্রতিষেধকের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে কুকুরে কামড়ানো শিশু-কিশোরদের নিয়ে স্থানীয় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।পৌর এলাকার তেঘড়ি মহল্লার রিকশাচালক মন্টু মিয়ার ছেলে আরিফুল ইসলামকে (৮) দুই মাস আগে পাগলা কুকুর কামড়ে দেয়। তিনি ছুটে যান পৌরসভায়। কিন্তু সেখানে প্রতিষেধক পাননি। বাজারে পেলেও দুই হাজার টাকার বেশি দাম হওয়ায় কিনতে পারেননি। পরে গ্রামের কবিরাজি চিকিৎসায় কলাপড়া, ঝাড়ফুঁক, পানিপড়াসহ বিভিন্নভাবে ভালো করার চেষ্টা করেন। কিন্তু সেসবে কোনো কাজ হয়নি। অবশেষে তাঁর আদরের সন্তান মারা যায়। উপজেলার দামগাড়া গ্রামের নজরুল ইসলাম জানান, কিছুদিন আগে বাড়িতে অনুষ্ঠান চলার সময় একটি পাগলা কুকুর এসে তাঁর দুই বাচ্চাকে কামড়ে দেয়। তাৎক্ষণিক পৌরসভায় গিয়ে প্রতিষেধক পাননি। শহরের ওষুধের দোকানগুলোতেও খুঁজে পাননি। অবশেষে বগুড়া শহরে গিয়ে অনেক টাকা খরচ করে প্রতিষেধক সংগ্রহ করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সালেহ দ্বীন মোহম্মদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রতিষেধক সরবরাহ করা হয় না। এ কারণে বাইরে থেকে রোগীদের তা কিনতে হচ্ছে। শিবগঞ্জ পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, এ উপজেলায় কুকুরের কামড়ের উপদ্রব খুব বেড়েছে। প্রায়ই মানুষ তাঁর কাছে এসে ভ্যাকসিনের আবেদন করে। কিন্তু বর্তমানে এ পৌরসভায় কোনো সরবরাহ নেই।