শিবগঞ্জে জাল ডলারসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে এক হাজার ৫৩০টি জাল ডলারসহ (প্রতিটি এক ডলার) ছয়জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শিবগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি এ বি এম কামরুজ্জামান (৪২) ও শিবগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন মিয়া (২৪) আছেন।গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হচ্ছেন: মতিয়ার রহমান (২৮), আলমগীর হোসেন (২৭), বোরহান আলী (২২) ও লালু মিয়া (২৫)। গতকাল বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার কেউ কেউ এখন হজে যাচ্ছেন। এ সুযোগে এলাকার একটি চক্র জাল ডলারের ব্যবসা শুরু করেছে। জাল ডলার কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ উপজেলার শ্যামপুর গ্রামের একটি চাতালে অভিযান চালিয়ে হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করে।উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলার রহমান বলেন, মামুন ও কামরুজ্জামান ষড়যন্ত্রের শিকার। অন্যায়ভাবে তাঁদের ফাঁসানো হয়েছে। উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক লুৎফর রহমান দাবি করেন, কামরুজ্জামান এখন আর যুবদলে নেই, তিনি বিএনপির সদস্য।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, ওই ছয়জনের কাছ থেকে এক হাজার ৫৩০টি ডলার উদ্ধার করা হয়েছে। জাল ডলার কেনাবেচার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের আরও সদস্য খুঁজে বের করার চেষ্টা চলছে।