শিবগঞ্জে জাসদ ও আ.লীগ নেতার দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিএনপি কর্মী সালাউদ্দীনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার রাতে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জাসদ ও আওয়ামী লীগ নেতার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার পর রাতে আওয়ামী লীগের এক নেতার দোকান থেকে অগ্নিদগ্ধ একটি লাশ উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা মেজর সাইফ জানান, গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে সালাউদ্দীনকে আটক করা হয়। তিনি জানান, সালাউদ্দীন শিবগঞ্জের বিএনপির ক্যাডার এবং তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ঘটানোর অভিযোগ রয়েছে। এলাকার অনেকে জানান, সালাউদ্দীন ছাত্রদল করতেন। সে সময় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। তখন তাঁকে গ্রেপ্তারও করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালাউদ্দীনকে আটকের প্রতিবাদে বিএনপির কর্মীরা শিবগঞ্জ বাজারে উপজেলা জাসদের সভাপতি আবু বাক্কারের দোকানে ভাঙচুর ও আওয়ামী লীগ নেতা এনামুল হকের দোকানে হামলা ও অগ্নিসংযোগ করেন। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল।
পরে রাত ১১টার দিকে এনামুলের দোকান থেকে অগ্নিদগ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ধারণা করা হচ্ছে, লাশটি এনামুলের। দোকানে আগুন দেওয়ার পর থেকে তাঁকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান হামলা ও আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাজাহান মিয়া বলেন, সালাউদ্দীন বিএনপির কর্মী। তাঁর গ্রেপ্তারের কারণে সাধারণ ভোটার বা সমর্থকেরা হয়তো ওই ঘটনা ঘটাতে পারেন।