শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে গতকাল শুক্রবার বিকেলে ট্রাকের ধাক্কায় এখলাস উদ্দিন (৫৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নাচোল উপজেলার ফুরশেদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল হক বলেন, এখলাস উদ্দিন গতকাল শিবগঞ্জের তর্তিপুর হাটে গরু কিনতে আসেন। তবে শেষ পর্যন্ত গরু কিনতে না পেরে তিনি অন্য ব্যবসায়ীদের সঙ্গে ভটভটিতে চড়ে বাড়ি ফিরছিলেন। বিকেল চারটার দিকে শিবগঞ্জ পৌর এলাকার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাডেমি মোড় এলাকায় পৌঁছালে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এ সময় ভটভটি থেকে নেমে একটি দোকানে আশ্রয় নিতে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। গতকাল সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।