শিবগঞ্জে তালিকায় ধনী অন্য গ্রামের বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়ম লঙ্ঘন করে বিত্তশালী, অন্য গ্রামের লোক এবং টাকার বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এসবের প্রতিকার চেয়ে গ্রামবাসী ৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়ন্ত্রণাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের মাঠ-সংগঠকদের এসব তালিকা তৈরি করার কথা। এরই মধ্যে ১২০ জনের একটি তালিকা করা হয়েছে। এখান থেকে ৬০ জনের একটি চূড়ান্ত তালিকা করা হবে। স্মারকলিপি সূত্র ও গ্রামবাসীর অভিযোগে জানা গেছে, জীবনপুর গ্রামের বাসিন্দা ও সৈয়দপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা এ তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে বিভিন্ন জায়গায় ঘুষ দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে তিন-চার হাজার করে টাকা নিয়েছেন। পাশাপাশি তিনি নিজের নামসহ তাঁর বেশ কয়েকজন আত্মীয়-স্বজনের নামও তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছেন। এ ছাড়া সুবিধা আদায়ের জন্য তিনি পাশের কুকিকালিদাশ গ্রামের আসাদুল ইসলাম, মামুন রহমান ও মোজাম্মেল হকসহ আটজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছেন।জীবনপুর গ্রামের দিনমজুর নজমল হোসেন বলেন, ‘অনেক অনুরোধ কর‌্যাও হামি নাম তুলব্যার পারিনি। নাম তুলতে যে টাকা লাগবি, তা হামার নাই।’ তিনি একটু দূরের একটি পাকাবাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, ‘ওই দ্যাখেন, শিহাবের বাড়ি। ম্যালা সম্পত্তি। তার পরও তাঁর নাম তালিকাত উটিচে।’তবে শিহাব উদ্দিন দাবি করেন, তালিকায় নাম তোলার ব্যাপারে তিনি কাউকে অনুরোধ করেননি। তবে কেউ যদি তাঁর নাম তালিকায় যুক্ত করেন, তাতে তাঁর কী করার আছে। গ্রামের ধনাঢ্য মুকুল মিয়া বলেন, ‘খামারের জন্য সরকার নাকি ঋণ দেবে। সেই আশাতেই তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছি।’শফিকুল ইসলাম তাঁর এবং বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কারও কাছ থেকে টাকা নিয়েছি, এটা কেউ প্রমাণ করতে পারবে না।’সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান অভিযোগ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি থেকে নির্বাচিত হওয়ায় বিএনপির লোকজন এ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসলাম পারভেজ বলেন, কেউ টাকা নিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হবে। আর যে তালিকা করা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান জানান, তিনি এলাকাবাসীর অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের ব্যবস্থা করেছেন।