শিবগঞ্জে দাদন ব্যবসায়ীদের অপতৎপরতা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গ্রামাঞ্চলে দাদন ব্যবসায়ীদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, এবার আলুর দাম না পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষির অনেকেই বিভিন্ন সংস্থার কাছ থেকে নেওয়া ঋণ শোধ করতে পারেনি। এরই মধ্যে বোরো মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে আবাদের জন্য তারা আবার নতুন করে ঋণ নিতে শুরু করেছেন। এ অবস্থায় মহাজনেরা চড়া সুদে তাঁদের ঋণ দিচ্ছে। এতে পিছিয়ে পড়া কৃষকেরা আরও ঋণের জালে আবদ্ধ হচ্ছেন।উপজেলার দামগাড়া গ্রামের কৃষক আজমল হোসেন (৫০) জানান, তাঁর হাতে কোনো টাকা না থাকায় এলাকার একজনের কাছ থেকে চার হাজার টাকা ধার করেছেন। ধান ওঠার পর সাড়ে ছয় হাজার টাকা দিতে হবে এ শর্তে টাকা পেয়েছেন। ছাতুয়া গ্রামের কৃষক জাহেদুল ইসলাম (৫৫) বলেন, ‘গত বছর ঋণের টাকা পরিশোধ করতে কিছুটা দেরি হওয়ায় মহাজন তাঁর ঘরের টিন খুলে নিয়ে যেতে চেয়েছিল। পরে আরেক জায়গা থেকে টাকা কর্জ করে এনে মহাজনের টাকা পরিশোধ করেছি।’ একই গ্রামের কৃষক জিল্লুর রহমান জানান, কৃষকেরা গরিব মানুষ হওয়ায় তাঁরা মহাজনদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না। কেননা প্রতিনিয়ত কৃষকদের দাদন ব্যবসায়ীদের কাছে ধরনা দিতে হয়। দাদন ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে পরে আর ঋণ পাওয়া যায় না। উপজেলার মাঝিহট্ট গ্রামের কৃষক আকমল হোসেন (৫৫) জানান, এ এলাকায় শতকরা ৭০ জন কৃষকই দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে আবাদ করেন। এসব মহাজন বেশির ভাগ ক্ষেত্রে টাকা দেওয়ার আগে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে থাকেন। কৃষকেরা টাকা দিতে গড়িমসি করলে সেই সাদা স্ট্যাম্পে মহাজনেরা ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক দাদন ব্যবসায়ী জানান, কৃষকেরা ব্যাংক থেকে টাকা তোলার ব্যাপারটিকে ঝামেলা মনে করেন। তাই তাঁরা তাঁদের কাছ থেকে টাকা নেন। তাঁরা কাউকে জোর করে টাকা দেন না।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আইনে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তারের ব্যবস্থা রয়েছে। কেউ অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেব।’