শিবগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের আট দফা পাল্টাপাল্টি ধাওয়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে মাত্র পাঁচ টাকা নিয়ে বাগিবতণ্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দুই দিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পর্যন্ত আট দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পৌরসভার কাউন্সিলর হারেজ আলীসহ ছয়জন আহত হয়েছে। তার মধ্যে তোতা মিয়া নামের একজনের অবস্থা গুরুতর। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে শহরে পুলিশ মোতায়েন করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে জমির ক্রেতা-বিক্রেতাদের ছবি তোলার কাজ করছিলেন মীরেরচক গ্রামের রানা বাবু। তিনি প্রতি কপি ছবির জন্য পাঁচ টাকা করে নিচ্ছিলেন। এ ঘটনায় শহরের অপর ছবি তোলা ব্যবসায়ী রাঙামাটিয়া গ্রামের দুলাল হোসেন এসে রানা বাবুকে ১০ টাকা দরের পরিবর্তে পাঁচ টাকা করে কেন নেওয়া হচ্ছে তা জানতে চান। রানা বাবু পাঁচ টাকা করেই ছবি তোলার সিদ্ধান্তে অনড় থাকলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে চড়-থাপড় মারার ঘটনাও ঘটে।এ ঘটনার কিছুক্ষণ পর রাঙামাটিয়া ও মীরেরচক গ্রামবাসী দুই দলে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। বিকেলের দিকে রাঙামাটিয়া গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে এসে অতর্কিত মীরেরচক গ্রামের তোতা মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বগুড়ায় স্থানান্তর করা হয়। এ ঘটনার পর উত্তেজনা চরম আকার ধারণ করে। উপজেলা সদরের প্রধান সড়কের এক পাশে রাঙামাটিয়া গ্রামবাসী অপর পাশে মীরেরচক গ্রামবাসী লাঠিসোটা-ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিসার্জ করে দুই দলকেই ছত্রভঙ্গ করে দেয়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ মীরেরচক গ্রামের তরিকুল ইসলাম নামে একজনকে আটক করে।রোববার সন্ধ্যার পর আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মীরেরচক গ্রামবাসী কাউন্সিলর হারেজ আলীকে বেধড়ক পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের কোপায়। এতে তিনি আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পাল্টাপাল্টি ধাওয়ার সময় হারেজ আলী ও তোতা মিয়া ছাড়াও রাঙামাটিয়া গ্রামের মিলন রহমান, পিয়াস উদ্দিন, দুলাল হোসেন, রনি মিয়া আহত হন।এদিকে রোববারের ঘটনা নিয়ে গতকাল সোমবার থেকে শহরে আবারও উত্তেজনা ছড়িয়ে পরে। সকাল থেকেই দুই গ্রামবাসীই অস্ত্রশস্ত্র নিয়ে শহরে অবস্থান নেয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।