শিবগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা ও দৌলতবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল শনিবার কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হন। নিহত ব্যক্তি হলেন দৌলতবাড়ি গ্রামের এন্তাজ আলীর ছেলে কামাল উদ্দীন (৩৫)।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম ও স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার সন্ধ্যায় সোনামসজিদের কামালপুর উচ্চবিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ওই দুই গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সংঘর্ষের সূত্র ধরে গতকাল সকালেও কয়েকবার সংঘর্ষ হয়।উভয় পক্ষ হাঁসুয়া, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে ১৩ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আহত ব্যক্তিদের মধ্যে কামাল মারা যান। ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।