শিবগঞ্জে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে দুই প্রবাসীর বাড়িতে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে নগদ টাকা, সোনার গয়না, কাপড়সহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। স্থানীয় লোকজন জানায়, রোববার রাত একটার দিকে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের খোলাছিয়া গ্রামের সৌদিপ্রবাসী সোবহান আলীর বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। তারা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাত দল প্রথমে গৃহবধূ স্বপ্না খাতুনের পেটে চাকু দিয়ে আঘাত করে টাকা-পয়সা, গয়না দিতে বলে। কিন্তু বাড়িতে টাকা নেই জানালে ডাকাত দল বিভিন্ন জায়গায় খুঁজে টাকা-পয়সা না পেয়ে স্বপ্না বেগমের গলায় থাকা এক ভরি ওজনের সোনার হার ছিনিয়ে নেয়।ডাকাত দল এরপর ওই গ্রাম থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে গুজিয়া বাজারে কাছে খলিলুর রহমানকে বিবস্ত্র করে হাত-পা-মুখ বেঁধে পানির নালার মধ্যে ফেলে রাখে। এরপর ওই সৌদিপ্রবাসী রুহুল আমিনের দোতলা বাড়িতে থাকা নূরজাহান বেগম নামের একজনকে বেঁধে ফেলে। এরপর ঘরে ঢুকে দুই সন্তানের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এরপর ডাকাত দল গৃহবধূ হাজেরা বেগমের কাছে নগদ পাঁচ লাখ টাকা আছে দাবি করে তা দিয়ে দিতে বলে। কিন্তু এ টাকা হাজেরার কাছে নেই জানাতেই ডাকাত দল বাড়ির আসবাবপত্র তছনছ করতে থাকে। তারা হাজেরার পেটে চাকু দিয়ে আঘাত করে নগদ এক লাখ টাকা, ব্যাংকের চেক বই, সাত ভরি ওজনের সোনার গয়না, ঈদের জন্য কেনা নতুন কাপড় লুট করে চলে যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।