শিবগঞ্জে দুই বাড়িতে তানোরে রাস্তায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় রাস্তায় গাছ ফেলে এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুটি গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার রাত ১০টার দিকে ২০-২৫ জন ডাকাত তানোর-মুণ্ডুমালা সড়কের আড়াদিঘি এলাকার প্রবেশপথের কাছে গাছ ফেলে ওত পেতে থাকে। এ সময় উপজেলার কুন্দাইন গ্রামের কেতাবুল ইসলাম ও তাঁর বন্ধু গোলাম রাব্বানী মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সেখানে গাড়ি থামাতে বাধ্য হন। তখন ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ দুটি মুঠোফোন কেড়ে নিয়ে গাছের সঙ্গে তাঁদের বেঁধে রাখে। এরপর ডাকাতেরা একইভাবে দুটি ভটভটিতে থাকা গরু ব্যবসায়ীদের লক্ষাধিক টাকাসহ পাঁচটি মুঠোফোন কেড়ে নেয় এবং মুখে গামছা ঢুকিয়ে দিয়ে হাত-পা বেঁধে পাশের ধানখেতে তাঁদের ফেলে রাখে। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাদেরও আটকের চেষ্টা করে। তবে পুলিশ বুঝতে পেরে সটকে পড়ে।শনিবার দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের হরি সরকার ও পাশের বর্মণপাড়া গ্রামের পঙ্কজ চক্রবর্তীর বাড়িতে ডাকাতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ২৫ থেকে ৩০ জন ডাকাত টিনের প্রাচীর ভেঙে বাড়িতে ঢোকে এবং পরিবারের লোকজনকে রড ও ধারালো অস্ত্র দিয়ে পেটাতে থাকে। পরে আলমারি ভেঙে চার ভরি ওজনের সোনার অলংকারসহ ১৮ হাজার টাকা লুটে নিয়ে অবাধে চলে যায়।