শিবগঞ্জে দোকানে আগুন, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বাজারে বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জের ধরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের মধ্যে মারামারি ও বিভিন্ন দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, ভায়েরপুকুরের হাটকে কেন্দ্র করে আটমূল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন ও আফজাল হোসেন-রেজাউল করিমের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। চলতি বছর মোজাফ্ফর হোসেনের পক্ষের রফিকুল ইসলাম হাটের ইজারা পেয়েছেন। কিন্তু আগামী বছরের জন্য প্রতিপক্ষ এ হাট ডেকে নেয়। আগামী বৈশাখ মাস থেকে নতুন ইজারাদার এ হাটের দখল পাওয়ার কথা। হাট পাওয়া না-পাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ভায়েরপুকুরে মারামারি হয়। এতে উভয় পক্ষের লোকজন বিভিন্ন গ্রাম থেকে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। এ পর্যায়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে ও বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন। এ সময় সবাই বাড়ি ফিরে যায়। কিন্তু হঠাৎ করে আফজাল-রেজাউলের সমর্থকেরা এসে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হাটে হামলা করে। তারা মোজাফ্ফর হোসেনের সমর্থক আনোয়ার হোসেনের জুতার দোকান, গোলাম রব্বানীর কাপড়ের দোকান ও বিপুল সাহার মুদি দোকানে অগ্নিসংযোগ করে। ফলে দোকানগুলো সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়। এ ছাড়া আরও ১০টি দোকান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। গতকাল বুধবার ওই এলাকায় গেলে মোজাফ্ফর সমর্থক হাজারো মানুষকে লাঠিসোঁটা হাতে ভায়েরপুকুর হাটে অবস্থান করতে দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোজাফ্ফর হোসেন বলেন, আফজাল হোসেন ও রেজাউল করিমের লোকজন প্রশাসনের নির্দেশ অমান্য করে হাটে তাণ্ডব চালিয়েছে। শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, পুলিশের নিষেধ সত্ত্বেও এক পক্ষ হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটিয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।