শিবগঞ্জে নাম-ঠিকানা বদলে ৪৩৮ দ্বৈত ভোটার চিহ্নিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৪৩৮ ব্যক্তিকে দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ঠিকানা, নাম ও মা-বাবার নাম পরিবর্তন করে দুই এলাকায় ভোটার হওয়ার অভিযোগ ওঠায় তাঁদের দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ করা হয়। ওই সময় এ উপজেলায় দুই লাখ ৫৫ হাজার ১৩০ জন ভোটার তালিকাভুক্ত হন। এঁদের মধ্যে উপজেলার ৪৩৮ জন ভোটার তাঁদের তথ্য গোপন করে একাধিক স্থানে ভোটার হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় প্রত্যেক ভোটারের পরিচয়পত্রের আঙুলের ছাপ পরীক্ষা করে তাঁদের দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এসব ভোটার এক স্থানে পূর্ণাঙ্গ নাম, আবার আরেক স্থানে শুধু ডাকনাম ব্যবহার করেছেন। অনেকেই ঠিকানা ও বাবার নাম পরিবর্তন করেছেন। এঁদের মধ্যে একজন অসীম চন্দ্র সরকার। তিনি একই সঙ্গে বগুড়ার শিবগঞ্জ উপজেলার খাদইল গ্রাম এবং নারায়ণগঞ্জে ভোটার হয়েছেন। শিবগঞ্জে তাঁর ভোটার পরিচয়পত্রের নম্বর-৬৭১২৪৪০০০৭০১ এবং নারায়ণগঞ্জে ভোটার পরিচয়পত্রের নম্বর-১০২১১৩৪৯৬১৯৫।আরেকজনের নাম আব্দুল বাড়িক মোল্লাহ। তিনি তাঁর নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি একই সঙ্গে এ উপজেলার পালিহার গ্রামের ও পাবনার বেড়া উপজেলার বেংগালিয়া কৈটোলার ভোটার হয়েছেন। শিবগঞ্জের ভোটার তথ্য সংগ্রহ ফরমে তিনি নিজ নাম আব্দুল বাড়িক মোল্লাহ উল্লেখ করেছেন। অন্যদিকে বেড়ায় তিনি নিজ নাম আব্দুল বারেক মোল্লা লিখেছেন। শিবগঞ্জে তাঁর ভোটার পরিচয়পত্রের নম্বর-১০২০৩৫৭৫২৯০৬ এবং বেড়ায় পরিচয়পত্র নম্বর-৭৬০৩১৮০০০০০১। এদিকে একই গ্রামে একই ব্যক্তি নাম ভিন্ন করে দুটি ভোটার পরিচয়পত্র নিয়েছেন, এমন তথ্যও বের হয়ে এসেছে। এ উপজেলার লষ্করপুর গ্রামের মোহমঞ্চদ মানিক ভোটার হয়েছেন। তাঁর পরিচয়পত্রের নম্বর- ১০২২১০২১২৩৮১। ওই মানিকই আবার মাহমুদুল হাসান নাম দিয়ে আরেকটি ভোটার পরিচয়পত্র নিয়েছেন। মাহমুদুল হাসান নামের পরিচয়পত্রের নম্বর-১০২২১০০০০০৪২। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা যায়, সর্বশেষ তথ্যমতে, এ উপজেলার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭০ হাজার ৮৪২। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, ২০০৮ সালের ভোটারদের মধ্যে এ উপজেলায় ৪৩৮ জন ভোটার বিভিন্ন তথ্য পরিবর্তন করে একাধিক এলাকায় ভোটার হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় এসব ভোটারকে দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে। এসব ভোটার লিখিত দিয়ে ভুল স্বীকার করেছেন। পরে তাঁদের একটি পরিচয়পত্র রেখে অন্যটি বাতিল করা হয়েছে।