শিবগঞ্জে নারী প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে। তবে সে তুলনায় নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাড়েনি। স্থানীয় সরকার নির্বাচনে নারীদের অংশগ্রহণের এই ধারাকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয় লোকজন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগের নির্বাচনে এই পদে প্রার্থী ছিলেন তিনজন। এবারের প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে আনোয়ারা বেগম পঞ্চম শ্রেণী; মিনারা বেগম ও ফাইমা বেগম অষ্টম শ্রেণী; নুরুন নাহার, শাহানা কুমকুম ও মাজেদা বেগম ‘স্বশিক্ষিত’ এবং বিউটি বেগম নিজেকে মাধ্যমিক পাস হিসেবে উল্লেখ করেছেন।
স্থানীয় লোকজন জানান, নারী প্রার্থীরা প্রতিদিন নারী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটের জন্য উপজেলার গ্রামগঞ্জে চষে বেড়াচ্ছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। জয়-পরাজয়ের দিকে না তাকিয়ে প্রায় সব নারী প্রার্থীই পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে প্রচারণা চালাচ্ছেন।
নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাজেদা বেগম বলেন, ‘আগে অন্য প্রার্থীর হয়ে নির্বাচনের মাঠে কাজ করেছি। অভিজ্ঞতা থাকায় নির্বাচনী প্রচারণার কাজে কোনো সমস্যা হচ্ছে না। এ ক্ষেত্রে সব প্রার্থীই সমান, নারী-পুরুষ বলে কোনো ব্যাপার নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, গত নির্বাচনের পর দেখা গেছে পুরুষ ভাইস চেয়ারম্যানের মতো নারী ভাইস চেয়ারম্যানের মর্যাদা ততটা বাড়েনি। এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে নারীরা একসময় হতাশ হয়ে পড়বেন।
কলেজশিক্ষক আল মাহমুদ বলেন, একসময় এই এলাকার নারীদের ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল না। আজ তাঁরা দলে দলে মাঠে নামছেন। এই প্রক্রিয়া চলতে থাকলে সমাজ গঠনে নারীদের অবদান বাড়তে থাকবে।
তবে শিক্ষার মান ও সেবার মানসিকতা বৃদ্ধি পেলে স্থানীয় সরকার নির্বাচনের উদ্দেশ্য সফল হবে।