শিবগঞ্জে পাকা সেচনালা দখল করে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চার কিলোমিটার দীর্ঘ দুটি সেচনালা গুঁড়িয়ে দিয়ে স্থানীয় লোকজন ঘরবাড়ি ও সড়ক নির্মাণ করেছেন। পাউবো সূত্রে জানা যায়, ১৯৬২ সালে ৩০০ একর জমিতে রবি ও শুষ্ক মৌসুমে সুলভমূল্যে সেচের সুবিধা দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করে সে সময়কার সরকার। প্রকল্পটি চালু হওয়ার পর এলাকার বহু কৃষক এর সুবিধা পেয়েছিলেন। একটি সেচনালা উপজেলা সদরের করতোয়া নদীর কাছ থেকে বের হয়ে তেঘরী গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ছিল। অপরটি নালা সুলতানপুর গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ ছিল। নালা দুটি চওড়ায় প্রায় তিন ফুটের মতো ছিল। করতোয়া নদীর পানির প্রবাহ কমে গেলে ১৯৮৮ সালের দিকে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। চক ভোলাখাঁ এলাকার গৃহস্থ মোজাহার হোসেন জানান, এলাকার জমিতে সহজে সেচ দেওয়ার জন্য সে সময় এ নালা তৈরি করা হয়েছিল। কিন্তু নদীতে পানি না থাকায় সেচনালা এখন অকেজো হয়ে পড়েছে। তাই লোকজন তাদের সুবিধামতো এটিকে কাজে লাগাচ্ছে। বেশির ভাগ স্থানেই কংক্রিটের সামান্য সিমেন্ট, ইটের টুকরার অস্তিত্ব পর্যন্ত নেই। নতুন বানানো বাড়ির সঙ্গে মিশে গেছে সেচনালা। সেচনালা এলাকা ঘুরে দেখা গেছে, নালা দুটিতে মাটি ফেলে ভরাট করা হয়েছে। কেউ আবার তা পাকা করে ফেলেছে। কোথাও আবার শুধু মাটি ফেলে সড়ক নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের জন্য উপজেলা সদরের করতোয়া নদী থেকে পানি তুলে নালার মাধ্যমে জমিতে সেচ দেওয়া হতো। এ জন্য করতোয়াঘেঁষা প্রায় এক একর জায়গার ওপর মেশিন চালানোর জন্য চালকের থাকার পাকাঘর ও একটি মেশিন ঘর ছিল। বর্তমানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ওই জায়গাটিও পাউবোর বেহাত হয়ে পড়েছে। এলাকার কিছু নিম্ন আয়ের মানুষ পাউবোর জায়গায় মাটি ও টিন দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেচনালা দেখভালের দায়িত্বে ছিলেন এমন একজন বলেন, ‘সেচনালা ও বিভিন্ন ভবন দখলের খবরটি বেশ কয়েকবার মৌখিকভাবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু সেচনালা বা সম্পদ রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি তারা। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো আগ্রহ আছে বলে মনে হয় না।’ উপজেলা সদর এলাকার সেচনালা দখলে নেওয়া কাওছার আলী বলেন, নালাটি এখন কোনো কাজেই আসছে না। তাই অনেকেই এ নালাটিকে কাজে লাগাচ্ছেন। অন্যদের দেখাদেখি তিনি নালা দখল করছেন বলে স্বীকার করেন। পাউবোর জায়গায় বাড়ি করে বসবাসকারী এক ব্যক্তি জানান, সরকারি জায়গা পরিত্যক্ত হয়ে আছে দেখে তিনি বাড়ি করে বসবাস করছেন। পাউবো চাইলে এখনই এ জায়গা ছেড়ে দেবেন। ওই এলাকায় নিজস্ব জায়গায় বাস করেন পরিমল চন্দ্র। তিনি বলেন, ‘এ এলাকায় এখন প্রতি শতক জমির দাম কমপক্ষে দুই লাখ টাকা। এ হিসাবে দুই কোটি টাকার সম্পত্তি পাউবোর দেখভালের অভাবে বেহাত হয়ে গেছে।’ পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরদার জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।