শিবগঞ্জে পেট্রলপাম্পে ভয়াবহ আগুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাতটার দিকে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পেট্রল পাম্প সংলগ্ন আশপাশের দোকান ও বিপণি কেন্দ্রে। পাম্পে এলপি গ্যাস ভর্তি বিপুল সিলিন্ডার থাকায় আগুনের ব্যাপকতা ভয়াবহ আকার ধারণ করেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বগুড়া, জয়পুরহাট, পাঁচবিবি, গোবিন্দগঞ্জ ও আক্কেলপুর থেকে আসা পাঁচটি ইউনিট কাজ করছেন। তবে রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তাঁরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী ও পুলিশের তথ্যানুযায়ী, কিচক বাজারের একটি বিপণি বিতানের সামনে নওশের এন্টারপ্রাইজ নামে ফিলিং স্টেশন স্থাপন করে ব্যবসায়ী মোশারফ হোসেন চৌধুরী তিনটি মেশিন থেকে পেট্রল, ডিজেল ও কেরোসিন বিক্রি করে আসছিলেন। ফিলিং স্টেশনের পাশের বিপণি কেন্দ্রে ছিল এলপি গ্যাস ভর্তি সিলিন্ডার ও সার-কীটনাশকের একটি দোকানসহ আট-দশটি দোকান।
ফিলিং স্টেশনের মালিক মোশারফ হোসেন চৌধুরী বলেন, সন্ধ্যা সাতটার দিকে বাজারে বিদ্যুৎ ছিল না। ওই সময় ফিলিং স্টেশন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা গোটা পাম্পে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের তেলের গুদাম এবং অন্য একটি এলপি গ্যাস সিলিন্ডারের দোকানে। এ সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকলে বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাত আটটা থেকে জয়পুরহাট ও বগুড়া থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
বাজার করতে আসা নাজমুল হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, পেট্রল পাম্প থেকে আগুন পাশের এলপি গ্যাস সিলিন্ডারের দোকান, কীটনাশকের দোকান, সুতার দোকান, তেলের দোকানসহ চার পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, চার ঘণ্টা ব্যাপী আগুনে পেট্রল পাম্প ছাড়াও বাজারের বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
আগুন নেভানোর কাজে আসা পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুর রউফ রাত ১১টায় প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে পেট্রল পাম্প ছাড়াও কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিসের কাছে।