মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং এসব ঘটনার পর একাধিক মামলায় বিপর্যস্ত উপজেলাবাসী।
সেই শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন কাল শনিবার। গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের প্রচারণার প্রধান ইস্যু—সন্ত্রাস। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যালটের মাধ্যমে বিএনপি-জামায়াতের সন্ত্রাসের দাঁতভাঙ্গা জবাব দেবেন ভোটাররা।
অন্যদিকে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগই সন্ত্রাস করে তাদের ওপর দায় চাপাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করে হয়রানি করা হয়েছে তাদের হাজার হাজার কর্মীকে। ১০ মামলার আসামি জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী কেরামত আলী বড় ব্যবধানে জয়ী হবেন।
শিবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে প্রার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং তাঁদের লোকজন গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায়ের পর থেকে ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত জামায়াত-বিএনপির নানা ধরনের সন্ত্রাসের বিষয়টি সাধারণ ভোটারদের সামনে তুলে ধরেছেন। বিশেষ করে কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দ্রে অগ্নিসংযোগ, সাঈদীর রায়ের দিন সোনামসজিদ এলাকায় নির্মাণাধীন পর্যটন মোটেলে জামায়াত-শিবিরের অগ্নিসংযোগ ও মোটেলের ছাদ থেকে পর্যটন করপোরেশনের প্রকৌশলী তৌহিদুল ইসলামকে নিচে ফেলে হত্যা, পরে আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী এনামুলকে পুড়িয়ে হত্যা, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরজাহানের ওপর নৃশংস হামলার বিষয়টি বেশি করে বলছেন। তাঁদের ধারণা, নূরজাহানকে বাস থেকে নামিয়ে তাঁর ওপর হামলা, চাকু দিয়ে স্তন ক্ষতবিক্ষত করে দেওয়ার ঘটনাটি নারী ভোটারদের প্রভাবিত করবে।
এদিকে নূরজাহানের ওপর হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি শহীদুল হক হায়দারীকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে বিএনপি। এটি ভালোভাবে দেখছেন না দলের সাধারণ কর্মীরা।
গত সোমবার শিবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, জামায়াত-অধ্যুষিত এলাকাগুলোয় শুরুতে প্রকাশ্যে নির্বাচনী তৎপরতা চালাতে পারেননি আওয়ামী লীগের কর্মীরা। ওই সব এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পোস্টারও কম। জামায়াত-বিএনপি প্রভাবিত শাহবাজপুর এলাকায় মাইকে করে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগের কর্মীরা মার খেয়েছেন। তাঁদের মাইকও ভাঙা হয়েছে। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
বিষয়টি স্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আতাউর বলেন, ‘নির্বাচিত হলে আমার প্রধান কাজই শিবগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা। বিএনপি-জামায়াতকে আহ্বান করব তারা যেন সন্ত্রাসের পথ পরিহার করে। নইলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করব।’
সোমবার জামায়াত প্রভাবিত শ্যামপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় দেখা হয় প্রার্থী কেরামত আলীর সঙ্গে। তিনি বললেন, ‘আমাদের হাজার হাজার কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে। নেতা-কর্মীরা রাতে বাড়িতে ঘুমাতে পারেন না। এসব অন্যায়ের জবাব ব্যালটের মাধ্যমেই দেবে জনসাধারণ। আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতা-কর্মীই এখন আমাদের সঙ্গে কাজ করছেন।’ নাম জানতে চাইলে তিনি বলেননি।
শিবগঞ্জে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে বলে জানান ইউএনও আবদুস সোবহান। তিনি বলেন, ‘সারা দেশের মধ্যে সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত হয়েছে শিবগঞ্জ। তবে আগের মতো সন্ত্রস্ত পরিবেশ আর নেই। আনন্দমুখর পরিবেশেই নির্বাচন হচ্ছে। প্রার্থীদের কাছ থেকে কিছু অভিযোগ পাওয়া গেলেও তা গুরুতর নয়।’