শিবগঞ্জে ফেরি করে গরু-ছাগল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে কোরবানির গরু-ছাগল বিক্রি করছেন একদল বিক্রেতা। এতে ক্রেতাদেরও আগ্রহ দেখা গেছে। অনেকে ব্যস্ততার কারণে হাটে না গিয়ে তাঁদের কাছ থেকে গরু বা ছাগল কিনছেন।গতকাল বৃহস্পতিবার উপজেলার দামগাড়া উচ্চবিদ্যালয়ের কাছে দেখা গেছে, তিনজন ব্যক্তি বেশ কয়েকটি গরু নিয়ে হেঁটে চলেছেন। এলাকার উৎসুক লোকজন তাঁদের চলার পথে গরুগুলোর দাম করছেন। সেখানে ১৮ হাজার ২০০ টাকা দিয়ে রমজান আলী নামে একজন একটি গরু কিনে নেন। তারপর অন্য গ্রামের উদ্দেশে গরুর মালিকেরা রওনা হলেন। অন্যদিকে উপজেলার কালিতলা মাঝিহট্ট সড়কে দেখা গেল, ছাগল ব্যবসায়ী একজন পাঁচটি ছাগল নিয়ে পাশের গ্রামের দিকে হেঁটে চলেছেন। বেশ কয়েকজন মানুষও চলেছেন তাঁর সঙ্গে। চলতি পথেই দামদর করছেন।গরু ব্যবসায়ী সামছুুল ইসলাম, আকিদুল ইসলাম ও মোজাম মিয়া জানান, কোরবানির পশু হিসেবে বিক্রির জন্য তাঁরা ১৫টি গরু নিয়ে বের হয়েছেন। এ পর্যন্ত বিভিন্ন গ্রামে তাঁরা ছয়টি গরু বিক্রি করেছেন। সন্ধ্যার আগেই সব গরু বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন তিনি। হাসিল ও বিভিন্ন চাঁদার ঝামেলা এড়াতে মানুষ গ্রামে বসেই কোরবানির পশু কিনতে পছন্দ করায় তাঁরা এভাবে গ্রামে ফেরি করে গরু বিক্রি করছেন বলে জানান তিনি।উপজেলার ডেপচণ্ডী গ্রামের আজিজার রহমান জানান, উপজেলায় পশুর হাটগুলোয় এবার সরকার-নির্ধারিত হাসিলের চেয়েও বেশি নেওয়া হচ্ছে। গরু বা ছাগল কিনলে ইজারাদারের লোকজনের সঙ্গে বাগিবতণ্ডা হয়। এ ঝামেলা এড়াতে তিনি গ্রামের ফেরিওয়ালাদের কাছ থেকে গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন।বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কোরবানির পশুর দাম তুলনামূলকভাবে কম। তাঁরা হাটে নির্দিষ্ট দাম না পাওয়ায় পশুগুলো বিক্রি করতে পারেননি। তাই গ্রামে গ্রামে ঘুরে সেগুলো বিক্রির চেষ্টা করছেন।দামগাড়া গ্রামের জহুরুল ইসলাম জানান, তিনি এবার বাড়িতে বসেই তিনটি ছাগল কিনেছেন। এতে হাটের পকেটমারের ভয়, ভিড়, ধুলাবালির কষ্ট সহ্য করতে হয়নি।