শিবগঞ্জে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ি সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মদ সেলিম (২৭) নামের বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেলিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
বিজিবির দৌলতবাড়ি ক্যাম্পের কমান্ডার আবুল কাশেম বলেন, মোহাম্মদ সেলিম সীমান্ত-সংলগ্ন তাঁর নিজ জমিতে কাজ করছিলেন। জমিটির অবস্থান আন্তর্জাতিক সীমানা পিলারের অনেক ভেতরে। বিএসএফের কয়েকজন জওয়ান হঠাৎ বাংলাদেশের ভেতরে ঢুকে তাঁকে ধরে নিয়ে যান। সেলিমকে ফিরিয়ে দিতে আলোচনার জন্য পতাকা বৈঠকের প্রস্তাব দিলে বিএসএফ তা প্রত্যাখ্যান করে। তারা অনুপ্রবেশের দায়ে সেলিমকে পশ্চিমবঙ্গের মালদহ পুলিশের কাছে সোপর্দ করে।
৪৩ বিজিবির অতিরিক্ত পরিচালক আনোয়ারুল হক মণ্ডল বলেন, বিএসএফের কাছে সেলিমকে ফেরত চাওয়া হয়েছিল। কিন্তু ফেরত দেয়নি।