শিবগঞ্জে বাক্স ভেঙে দরপত্র ছিনতাই
বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় সাড়ে আট লাখ টাকার কাজের দরপত্র গতকাল বুধবার বাক্স ভেঙে ছিনিয়ে নেওয়ার সময় লোকজন এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে। সাধারণ ঠিকাদারেরা ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করেছেন। পৌরসভার ঠিকাদারেরা অভিযোগ করেন, পৌর এলাকার শিবগঞ্জ হাটের উত্তর পাশ থেকে করতোয়া নদী পর্যন্ত ১৫০ মিটার আরসিসি নালা নির্মাণের জন্য আট লাখ ৪২ হাজার ৮০৭ টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র খোলার দিন। সাড়ে ১২টার দিকে ঠিকাদার ইদ্রিস আলী ও বহিরাগত নূরুন নবী, পুটু মিয়া, শিউল হোসেন নামে চারজন হঠাৎ পৌর ভবনে ঢুকে দোতলায় রাখা দরপত্র ফেলার বাক্সটি লোহার রড দিয়ে ভেঙে ফেলেন। বাধা দিলে দুই ঠিকাদারকে লাঞ্ছিত করেন তাঁরা। এ সময় পৌরসভার কর্মচারীরা শিউল হোসেনকে (১৮) ধরে ফেলেন। তাঁর বাড়ি পৌর এলাকার অর্জুনপুর মহল্লায়। অভিযুক্ত ঠিকাদার ইদ্রিস আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।