শিবগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১১) বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গতকাল সোমবার কনের বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করে দেন।জানা গেছে, বিনোদপুর ইউনিয়নের পাকাটোলা গ্রামের রবিউল ইসলামের ছেলে দুরুল হুদার (২৫) সঙ্গে ওই ছাত্রীর বিয়ে ঠিক করা হয়। গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছিল। ইউপি চেয়ারম্যান মহবুল হোসেন বলেন, ‘ইউএনওর নির্দেশে আমি লোকজন সঙ্গে নিয়ে কনের বাড়িতে গিয়ে উভয় পক্ষের মুরুব্বিদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দিই। তাঁরাও তাঁদের ভুল বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন।’ ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ জানান, স্থানীয় সচেতন ব্যক্তিদের মাধ্যমে তিনি ওই ছাত্রীর বিয়ের বিষয়টি জানতে পারেন। এরপর তিনি বিয়ে বন্ধের উদ্যোগ নেন। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ থেকে যাতে বয়সের ভুয়া সনদপত্র দেওয়া না হয়, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।