শিবগঞ্জে বিএনপির ছয় নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে বিএনপির ছয় নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার উপজেলা বিএনপির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের অব্যাহতি দেওয়া হয় বলে দলের সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।দল থেকে যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁরা হলেন কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল বাছেদ, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান, বিহার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আশিক মাহমুদ, মোকামতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল হাকিম এবং উপজেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেন।গত বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উল্লিখিত ছয়জনকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলম জানান, গত ৪ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সম্মেলনের দিন ধার্য ছিল। এর দুদিন আগে ওই ছয়জনের নেতৃত্বে বগুড়া প্রেসক্লাবে সম্মেলনের বিপক্ষে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ ছাড়া সম্মেলন ভন্ডুল করার উদ্দেশ্যে তাঁরা ৩ সেপ্টেম্বর সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করতে প্রশাসনের কাছে আবেদন করেন। এ কারণে সম্মেলনের দিন জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে ওই ছয়জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল বাছেদ বলেন, ‘অব্যাহতি দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে আমার এখন বিএনপির ইউনিয়ন বা উপজেলা পর্যায়ের কোথাও সদস্যপদ নেই। কাজেই আমাদের দল থেকে অব্যাহতি দেওয়ার কোনো এখতিয়ারই তাঁদের নেই।’