শিবগঞ্জে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনের শিকার হয়ে শাহজাহান আলী (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিংনগর হঠাৎপাড়া গ্রামে।প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সূত্রে জানা গেছে, শাহজাহানসহ সাত-আটজন বাংলাদেশি শনিবার ভোর পাঁচটার দিকে গরু আনার জন্য সিংনগর সীমান্ত পাড়ি দিয়ে এ সময় ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভারতের ১৫১ বিএসএফের শোভাপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও শাহজাহান বিএসএফের হাতে ধরা পড়েন। পিটিয়ে হাত-পা ভেঙে মুমূর্ষু অবস্থায় শনিবার সকাল সাতটার দিকে শাহজাহানকে সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে ফেলে যায় বিএসএফ। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওইদিন দিবাগত রাত একটার দিকে শাহজাহান মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর গতকাল রোববার বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।বিডিআরের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় পতাকা বৈঠক হয়েছে। কিন্তু বিএসএফ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। তিনি আরও বলেন, বিএসএফ প্রায়ই আইন নিজের হাতে তুলে নেয়, পরে অস্বীকার করে।