শিবগঞ্জে বিদ্যালয়ের কক্ষ দখল করে সুদের ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ দখল করে এলাকার একটি সমবায় সমিতি সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখানে সমিতির কার্যক্রম চলায় বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হলেও শ্রেণীকক্ষ দখলমুক্ত করার কোনো উদ্যোগ নেই। এলাকাবাসী জানান, প্রায় এক বছর ধরে বিহারপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামের একটি সমিতি বিদ্যালয়ের শ্রেণীকক্ষটি দখল করে রেখেছে। তারা এটি সমিতির কার্যালয় বানিয়ে সেখান থেকে সুদের ব্যবসাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। সমিতির সদস্যরা এলাকার যুবক হওয়ায় শ্রেণীকক্ষ দখল করে অবাধে তাঁদের কার্যক্রম চালাচ্ছেন।বিহারপুর গ্রামের হেলেনা বেগমসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সমিতি থেকে এক হাজার টাকা ঋণ নিলে প্রতি সপ্তাহে ২৫ টাকা করে সুদ দিতে হয়। অভাবের কারণে তাঁরা এই সমিতি থেকে ঋণ নিয়ে থাকেন।সমিতির সাধারণ সম্পাদক শাহীনূর রহমান বলেন, বিদ্যালয়ের পাশেই তাঁদের দুই শতাংশ জমি ছিল। ওই জমি বিদ্যালয়কে ভবন নির্মাণের জন্য এলাকার স্বার্থে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অচিরেই সমিতির কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হবে। আর সমিতির সদস্যদের সহায়তা করতেই ঋণব্যবস্থা পরিচালনা করা হয়।এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা আকতার গত বৃহস্পতিবার বলেন, ‘ওই সমিতির কিছু জমি বিদ্যালয়ের কাজে ব্যবহার করায় এলাকার মানুষ শ্রেণীকক্ষটি তাদের ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। তারা নতুন ঘর না করা পর্যন্ত এখানে থাকবে বলে জানিয়েছে। তবে আমি আজকের মধ্যেই শ্রেণীকক্ষ দখলমুক্ত করার উদ্যোগ নেব।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতার বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।