শিবগঞ্জে বেড়েছে চোখ ওঠা রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। ফলে জনগণ চোখ নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ কেউ এ রোগের আক্রমণ থেকে বাদ যাচ্ছে না।
বর্তমানে এ উপজেলায় হঠাৎ করেই কালো চশমা পরা মানুষের সংখ্যা বেড়ে গেছে। তাঁদের চার-পাঁচজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চোখ ওঠা রোগের কারণে তাঁরা এ চশমা পরছে। এ ছাড়া চোখ ওঠার কারণে অনেকের দৈনন্দিন কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো চক্ষুবিশেষজ্ঞ না থাকায় জনগণ চোখের কোনো ভালো চিকিৎসা করাতে পারছে না।
চোখ ওঠা তিন-চারজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত চোখ ওঠার সময় চোখ লাল হয়ে যাওয়া ছাড়াও চোখ থেকে পানি বের হয়। আলোতে দেখতে অসুবিধা হয়। চোখের ভেতরে বালুর কণা ঢুকেছে এ রকম অনুভূত হয়। অনেক সময় ঘুম থেকে ওঠার পর দেখা যায়, চোখের দুটি পাতা আঠালো পদার্থে লেগে আছে। চোখ ফুলে যায়, অনেক সময় ব্যথাও করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বদলি হওয়া চিকিৎসক এম এ ওয়াহেদ আলী জানান, এটি একটি ভাইরাসজনিত চোখের রোগ। সাধারণত ঋতু পরিবর্তনের সময় এই ভাইরাস আক্রমণ করে। একজনের চোখ থেকে ভাইরাস কোনো কিছুর মাধ্যমে অন্যজনের চোখে ছড়িয়ে থাকে। এ সময় চোখের পানি বা ময়লা মোছার জন্য আলাদা তোয়ালে বা রুমাল ব্যবহার করতে হবে। ধুলাবালু থেকে রক্ষা পেতে কালো চশমা পরা যেতে পারে। হাত না ধুয়ে যখন-তখন চোখ ঘষা বা চুলকানো যাবে না। ঠান্ডা পানি দিলে ভালো ফল পাওয়া যাবে। একজনের ব্যবহার করা জিনিস অন্য কেউ ব্যবহার না করার বিষয়ে সতর্ক থাকতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মুছা আল মুনছুর বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষুবিশেষজ্ঞ না থাকলেও সেবার কোনো ঘাটতি নেই।