শিবগঞ্জে বেহাল সড়কে নাজেহাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু বৃষ্টি হলেই কাদাপানিতে চলার অযোগ্য হয়ে যায় শিবগঞ্জের পিরব-নাগরবন্দর সড়ক। ছবিটি সম্প্রতি তোলা l
একটু বৃষ্টি হলেই কাদাপানিতে চলার অযোগ্য হয়ে যায় শিবগঞ্জের পিরব-নাগরবন্দর সড়ক। ছবিটি সম্প্রতি তোলা l

কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে অনেক আগে। এরপর আর সংস্কার করা হয়নি। তাই বৃষ্টি হলেই ওই খানাখন্দে পানি জমে কাদাপানিতে একাকার হয়ে যায়। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। কোথাও কোথাও অবস্থা এতটা খারাপ যে হেঁটেও চলাচল করা যায় না।
এই করুণ অবস্থা বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব-নাগরবন্দর সড়কের সংসারদীঘি বাজার এলাকায়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, পিরব-নাগরবন্দর সড়কটি চার বছর আগে সংস্কার করা হয়। উপজেলার সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম এই সড়ক। এর মধ্যে সংসারদীঘি বাজারের অংশের অবস্থাই বেশি খারাপ।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সংসারদীঘি বাজারের প্রায় ১০০ গজের মতো সড়কের কার্পেটিং উঠে গেছে। অনেক স্থানে ইট ও খোয়া উঠে মাটি বের হয়ে আছে। একটু বৃষ্টিতে কাদাপানিতে একাকার হয়ে গেছে বাজার। এদিক দিয়ে চলাচল রীতিমতো বিপজ্জনক হয়ে পড়েছে।
সংসারদিঘী বাজারের চার-পাঁচজন ব্যবসায়ী বলেন, সামান্য বৃষ্টি হলেই ভারী যান চলাচল দূরে থাক; ভ্যান-রিকশা, সাইকেল এমনকি হেঁটে যাতায়াতেও সমস্যা হয়ে পড়ছে। প্রায়ই মানুষ পিছলে পড়ে যায়। যানবাহনের চলাচলের কারণে দোকানের মধ্যে কাদাপানি ছিটকে আসে। বেচাবিক্রি একেবারে হতে চাচ্ছে না। অথচ এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলা ও জেলা শহরে বিপুলসংখ্যক মানুষকে চলাচল করতে হয়। এলাকাবাসী তাঁদের দুর্ভোগের বিষয়টি জানিয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিলেও সমস্যা থেকে বের হতে পারছেন না।
ব্যবসায়ী মোসলেম উদ্দিন বলেন, দীর্ঘদিন হলো এখানে বড় গর্তের সৃষ্টি হয়ে আছে। বিভিন্ন জায়গায় অনেক বলেও সমস্যার সমাধান হয়নি। গত সপ্তাহে ওই গর্তে এক ট্রাক ইট আর লাল মাটি ফেলে দিয়ে গেছে। এতে দুর্ভোগ আরও বেড়েছে।
রিকশাচালক জাফর আলী বলেন, ‘বিষ্টির মধ্যে এই আস্তার এটি ইকশা লিয়া আসলে জানডা ব্যার হয়্যা যাবার চায়। দ্যাশোত এতডি কাম হচ্ছে ট্যাকার সমস্যা হয় না। মিচ্চিএনা এই আস্তাডা ভালো করতে কত ট্যাকা লাগে?’
সিএনজিচালিত অটোরিকশাচালক দেলবর হোসেন বলেন, ‘আস্তাডার অবস্থা এতডায় খারাপ যে হামি ওইদিকিন দিয়া ভাড়া ধরব্যার চাই না।’
কুড়াহার গ্রামের আফজাল হোসেন বলেন, ‘আমি গত বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে আসার সময় ওই জায়গায় পড়ে যাই। বিশ্রী এক অবস্থার সৃষ্টি হয়।’
ব্যবসায়ী বজলুর রহমান বলেন, বর্ষা মৌসুমে সড়কের ওপর পানি জমে যায়। মূলত পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় সড়কটির অবস্থা অতি দ্রুত বেহাল হয়ে পড়ে। এখন সড়কটির অবস্থা এতটাই করুণ যে যানবাহন সাবধানে না চালালে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এ ব্যাপারে বিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘ওই সড়কের সংসারদীঘি বাজারের জায়গায় অবস্থা খুবই খারাপ। আমি অনেক বলে কয়েক দিন আগে কিছু ইট ফেলানোর ব্যবস্থা করেছি।’
উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন, ‘জরুরি ভিত্তিতে সেখানে কিছু ইট ফেলে গর্ত ভরাট করা হয়েছে। আগামী অর্থবছরে সড়কটি সংস্কার করা হবে।’