শিবগঞ্জে ভটভটি বন্ধের দাবিতে মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় বগুড়ার শিবগঞ্জে পাঁচ জেএসসি পরীক্ষার্থীসহ ছয়জন নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় তাঁরা রহবল-বরিয়ারহাট সড়কে ভটভটি চলাচল বন্ধের দাবি জানান। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একই দাবিতে বিদ্যালয়ের সামনের সড়কে এক ঘণ্টা মানববন্ধন করে শিক্ষার্থীরা। গতকাল মিছিল চলাকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের অদূরে একটি ভটভটিতে আগুন ধরিয়ে দেয়।সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া। এতে বক্তব্য দেন অভিভাবক জাহাঙ্গীর হোসেন, ওসমান গনি, ছাত্র মুছা মিয়া, নূরুন নবী, সোহাগ হোসেন, কামরুল ইসলাম প্রমুখ। গত সোমবারের মর্মান্তিক ওই ঘটনায় মঙ্গলবার থেকে ওই বিদ্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও ছাত্র-শিক্ষক-অভিভাবকেরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করছেন।এলাকাবাসী অভিযোগ করেন, মহাসড়কে ভটভটি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তার পরও স্থানীয় পুলিশের উদাসীনতা ও দায়িত্ব পালনে অবহেলার কারণে অবাধে মহাসড়কে ভটভটি চলাচল করছে, যার নির্মম শিকার হতে হয় এসব শিক্ষার্থীকে।শিবগঞ্জ থানার পরিদর্শক এ কে এম লুৎফর রহমান বলেন, মহাসড়কে ভটভটি চলাচল বন্ধ করতে আগে থেকেই পুলিশ তৎপর রয়েছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু ভটভটি মহাসড়কে চলাচল করে থাকতে পারে। সেটাও বন্ধ হয়ে গেছে।এদিকে সোমবারের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মথুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।