শিবগঞ্জে ভাইরাস জ্বরের প্রকোপ
গলাব্যথা দিয়ে শুরু। তারপর সর্দি-কাশি। শেষে জ্বর। সঙ্গে গা-হাত-পায়ে ব্যথা। খাবারেও অরুচি। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জ্বরের এমন প্রকোপ দেখা দিয়েছে। এ নিয়ে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
অনেকে জ্বরের সঙ্গে পেটের পীড়ায় ভুগছেন। বমিও হচ্ছে। এ ছাড়া অ্যাজমা বা হাঁপানি রোগীদের দুর্ভোগও বেড়েছে। প্রায় ঘরেই চলছে এখন সর্দি, জ্বর, কাশি ও অ্যাজমার সমস্যা।
পাঁচজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, এটা ভাইরাসজনিত জ্বর। ঋতু বা জলবায়ু পরিবর্তনের সময় এসব ভাইরাস অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। বেশির ভাগ ক্ষেত্রেই তা বাতাসের সঙ্গে মিশে গিয়ে মানুষের শরীরে ঢুকতে থাকে। বর্তমানে এমনভাবে তাপমাত্রার ওঠানামা চলছে যে অনেক ক্ষেত্রেই শরীর তা নিতে পারছে না। এ অবস্থায় যেকোনো ধরনের ভাইরাস মানুষকে সহজে কাবু করে ফেলছে।
চিকিৎসকেরা আরও জানান, সাধারণত সর্দি-জ্বর এমনিতেই ভালো হয়ে যায়। অবস্থা জটিল না হলে অ্যান্টিহিস্টামিন-জাতীয় ট্যাবলেট খাওয়া যেতে পারে। আর জ্বর হলে প্যারাসিটামলই যথেষ্ট। তবে এই সময় ঠান্ডা খাবার পরিহার করতে হবে। প্রথমেই চেষ্টা করতে হবে যেন ঠান্ডা না লাগে। যদি শরীরে জ্বর থাকে, কফ হলুদ হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শমতো অ্যান্টিবায়োটিক খেতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সাত-আটজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সব সমস্যা নিয়ে প্রতিদিনই অনেক রোগী আসছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে জ্বরে আক্রান্তদের মধ্যে শিশু বেশি।
উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের জসিম উদ্দিন জানান, তিনি ছয় দিন ধরে জ্বরে আক্রান্ত। শরীরে প্রচণ্ড ব্যথা। কখনো কখনো কাঁপুনি দিয়ে জ্বর আসছে। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। চিকিৎসা চলছে কয়েক দিন ধরে। কিন্তু তাঁর জ্বর কমছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়াহেদ আলী বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে এ রোগ দেখা দিয়েছে। বেশি তাপমাত্রার কারণে রোগী দুর্বল হয়ে পড়ে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুছা-আল-মুনছুর বলেন, মৌসুম পরিবর্তনের জন্য এমনটা হচ্ছে। এতে ভয়ের কোনো কারণ নেই।