শিবগঞ্জে যাত্রার নামে অশ্লীল নৃত্য, জুয়া
গ্রামে গ্রামে এখন নতুন আলু উঠছে। বেশির ভাগ কৃষকের হাতে এখন আলু বিক্রির টাকা। এ সুযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের সওলা নারায়ণপুর গ্রামে যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানো হয়েছে। ইউনিয়ন যুবলীগের পরিচয় দেওয়া এক ব্যক্তি এর আয়োজক বলে অভিযোগে পাওয়া গেছে।স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, প্রশাসনের অনুমতি না নিয়ে ৪ জানুয়ারি থেকে সওলা নারায়ণপুর গ্রামে সপ্তাহব্যাপী যাত্রা ও জুয়ার আসর বসানো হয়। শহীদুল ইসলাম নামের যুবলীগের এক কর্মী এর আয়োজক। একাধিক দর্শক জানান, যাত্রার নামে রাতভর সেখানে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। এখানে শিবগঞ্জ ছাড়াও পাশের কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা থেকে অনেক জুয়াড়ি অংশ নিচ্ছে।মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকবর আলী বলেন, ‘শুক্রবার থেকে যাত্রা-জুয়া শুরু হয়েছে। বিষয়টি আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তার পরও বন্ধ হয়নি।’উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুস সাত্তার জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তবে কোনো অনৈতিক কর্মকাণ্ড হলে তা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ নেওয়া উচিত।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ‘আমি এসব দ্রুত বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’ বগুড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোকবুল হোসেন প্রথম আলোকে জানান, থানা-পুলিশের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে শহীদুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর সহযোগী আফজাল হোসেন জানান, এলাকার কিছু ছেলেপেলে এটার আয়োজন করেছে। এটা তেমন কিছু না।