শিবগঞ্জে যুবদলের পাল্টাপাল্টি কমিটি নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুবদলের দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। সংগঠনের নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। অনেকেই বলছেন, ঈদের ঠিক আগে সংগঠনের মধ্যে এমন উত্তেজনা তৈরি করাটা ঠিক হয়নি।গত শুক্রবার জেলা যুবদলের সভাপতি খায়রুল বাশার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শফিকুল ইসলামকে আহ্বায়ক ও মোহাম্মদ সোহরাবুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হলো। ওই কমিটিকে অনুমোদনের জন্য এলাকার বিএনপিদলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান সুপারিশ করেছেন। খবরটি স্থানীয় পত্রিকার মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর শাহে আলমের অনুসারী যুবদলের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে এই পক্ষ সন্ধ্যায় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করে। তাতে লুৎফর রহমানকে আহ্বায়ক এবং রবিউল আলমকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণার কথা বলা হয়। এ কমিটিতেও জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কমিটি অনুমোদন দেওয়ার স্বাক্ষর রয়েছে।এক পক্ষের আহ্বায়ক লুৎফর রহমান বলেন, ‘প্রথম কমিটি ঘোষণা হওয়ার পর তা নিয়ে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে জেলা কমিটি পরে আমাদের কমিটিকে অনুমোদন দিয়েছে।’অপর পক্ষের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাবুজ্জামান জানান, বিগত উপজেলা নির্বাচনে ওই চক্রটি রিজভী আহমেদের স্বাক্ষর জাল করে বিএনপির প্রার্থী মতিয়ার রহমানকে বহিষ্কারের নাটক করেছিল। পরে তা প্রমাণিত হয়। জেলা যুবদলের সভাপতি খায়রুল বাশার জানান, ‘শফিকুল ইসলামকে আহ্বায়ক করে যে কমিটি করা হয়েছে, সেটাই বৈধ কমিটি। পরে যে কমিটির কথা বলা হচ্ছে, সেটা জাল কমিটি।’