শিবগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়েছেন আ.লীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেওয়া হয়নি ও সাংসদকে বিএনপির কর্মীর বাড়িতে ভাত খাওয়ানো হয়েছে—এমন অভিযোগ এনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানের আয়োজক যুবলীগের নেতা মমিনুল ইসলাম চৌধুরীকে মারধর করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কিচক দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার সন্ধ্যায়।স্থানীয় সূত্র জানায়, ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের নারী সাংসদ শওকত আরা বেগম। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম চৌধুরী সাংসদকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন।স্থানীয় আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, সাংসদের আসার বিষয়টি কিচক ইউনিয়ন আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে জানানো হয়নি। তার ওপর সাংসদকে বিএনপির কর্মী মখদুম চৌধুরীর বাড়িতে আপ্যায়ন করা হয়। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই অনুষ্ঠান বর্জন করেন।এলাকাবাসী জানান, সাংসদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই দ্রুত চলে যান। এর পরই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে মমিনুল ইসলামকে ধাওয়া করে মারধর করেন। তবে কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছামসুল ইসলাম বলেন, এলাকাবাসীকে বলা হয়েছিল সাংসদ উন্নয়নের ঘোষণা দেবেন। কিন্তু সাংসদ কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় লোকজন ক্ষিপ্ত হয়ে মমিনুলকে মারধর করেছে।মমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘মখদুম চৌধুরী আমার চাচা। এখানে আমার পরিবারের কেউ না থাকায় চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলাম সাংসদকে।’ সাংসদ শওকত আরা বেগম মুঠোফোনে বলেন, মায়ের অসুস্থতার কারণে দ্রুত তিনি অনুষ্ঠান শেষ করে বাড়িতে রওনা দেন। পরে কী হয়েছে তা তিনি বলতে পারেন না।