শিবগঞ্জে শহীদ মিনারে বিস্ফোরণে বিএনপির কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হয়ে বিএনপির একজন কর্মী পরে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান ওরফে সুজন (২৮) শিবগঞ্জ উপজেলার চতুরপুর গ্রামের আশরাফুল আলমের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, রাত সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দেওয়ার সময় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন তিনজন। এঁদের মধ্যে আসাদুজ্জামান রাত তিনটার দিকে মারা যান।

ওসির দাবি, শহীদ মিনারের যে দিকে বিএনপির কর্মী-সমর্থকেরা দাঁড়িয়েছিলেন, সেখানে বিস্ফোরণ ঘটে। তাই বিএনপির কর্মীরা এই বিস্ফোরণ ঘটিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

বিস্ফোরণের ঘটনায় পরস্পরকে দায়ী করেছে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা। জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিঞার দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ককটেল হামলা করে তাঁদের কর্মীদের হতাহত করেছে।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন খুররম দাবি করেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান বিএনপির কর্মী-সমর্থকেরা। এ সময় নিজের কাছে থাকা ককটেল বিস্ফোরিত হয়।