শিবগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জের ধরে শুক্রবার পুলিশের পিকআপ ভাঙচুর এবং বিহার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম ও বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। শুক্রবার বিকেলে মোফাজ্জল হোসেনের সমর্থক বিহার ফকিরপাড়া গ্রামের মনসের আলী (৬৫) বাড়ি ফেরার পথে বিহার উত্তরপাড়ায় তাঁকে চেয়ারম্যানের সমর্থকেরা মারধর করেন। পরে স্থানীয় এক তরুণ চেয়ারম্যানের মোটরসাইকেল নিয়ে বিহার বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে ওই তরুণ মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেলে লোকজন মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের দিকে গেলে পথে চেয়ারম্যানের বাড়ির সামনে একদল লোক পুলিশের পিকআপ ভ্যানের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পিকআপের সামনের গ্লাস ভেঙে যায়।শুক্রবার রাতে বিহার বাজারে অবস্থিত বিহার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে এ জন্য চেয়ারম্যানের লোকজনকে দায়ী করা হয়েছে। চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘মোফাজ্জল হোসেনের লোকজন নিজেরাই অফিস ভাঙচুর ও তাতে আগুন লাগিয়ে দিয়ে দায় চাপানোর অপকৌশল নিয়েছে।’ মোফাজ্জল হোসেন বলেন, চেয়ারম্যানের লোকজনই আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তিনি চেয়ারম্যানের মোটরসাইকেল পুড়ে দেওয়ার ঘটনাকে বানোয়াট বলে দাবি করেন। শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, ‘উভয় পক্ষই মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে।’