শিবগঞ্জে সবজিচাষিদের ক্ষতি দিনে দেড় কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচির কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান সবজিবাজারে সব ধরনের কেনাবেচা বন্ধ হয়ে গেছে। এতে চাষিদের দিনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া-রংপুর মহাসড়কের পাশে উত্তরাঞ্চলের অন্যতম সবজিবাজার মহাস্থান। সারা বছরই এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে নিয়ে যান।
এই বাজারে শিবগঞ্জ ছাড়াও পাশের গাবতলী, সোনাতলা ও বগুড়া সদর উপজেলার চাষিরা তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করতে নিয়ে আসেন। এ বাজার ঘিরে এলাকার চাষিরা সারা বছর বিভিন্ন ধরনের সবজির চাষ করে জীবিকা নির্বাহ করেন।
চাষিরা জানান, চলতি শীত মৌসুমের শুরুতে উৎপাদিত সবজির বেশ ভালো দাম পেয়ে তাঁরা অনেক খুশি হয়েছিলেন। কিন্তু টানা হরতাল ও অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর তাঁদের মাথায় যেন বাজ পড়েছে। উৎপাদিত সবজি বিক্রি করতে পারছেন না। খেতের সবজি খেতেই নষ্ট হচ্ছে। এর মধ্যে যাঁরা ঋণ নিয়ে সবজি চাষ করেছেন, তাঁরা পড়েছেন সবচেয়ে বিপাকে।
মহাস্থান সবজি বাজারের মেসার্স শাহ সুলতান আড়তের মালিক বাবলু মিয়া (৪৮) জানান, এখন প্রতিদিন কমপক্ষে ৩৫টি বড় ট্রাক, ২০টি ছোট ট্রাক ও ১৫টি পিকআপভ্যানবোঝাই সবজি দেশের বিভিন্ন শহরে যাওয়ার কথা। অথচ টানা হরতাল-অবরোধের কারণে কোনো সবজি পাঠানো যাচ্ছে না।
ব্যবসায়ী একরামুল ইসলাম (৪৫) জানান, অবরোধ-হরতালের আগে বড় এক ট্রাকে সবজিবোঝাই করতে গড়ে তিন লাখ টাকা, ছোট ট্রাক বোঝাই করতে এক লাখ ৯০ হাজার টাকা ও পিকআপভ্যানের জন্য লাগে ৯০ হাজার টাকা। এ হিসাবে বর্তমানে এ হাট থেকে প্রতিদিন গড়ে এক কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার সবজিচাষিদের কাছ থেকে কেনার কথা। কিন্তু হরতাল-অবরোধের কারণে এখন কোনো সবজিই বেচাকেনা হচ্ছে না।
উপজেলার টেপাগাড়ি গ্রামের ফুলকপিচাষি সাজাহান আলী বলেন, ‘সবজির আবাদেই হামাকেরে ভাগ্য ভালো থাকা, মন্দ থাকা নির্ভর করে। এর দাম ভালো হলেও বেচপ্যার পারিচ্চি ন্যা। দুই দলের ক্ষমতায় যাওয়ার ঠেলাঠেলিতে হামার খেতের দুই বিঘার সবজি খ্যাতোত পর‌্যা লষ্ট হচ্চে। ঋণ লিয়া আবাদ করিচি। একন হামি নিঃস্ব হয়্যা গেচি।’
ট্রাকচালক আপেল মাহমুদ (৩৮) বলেন, ‘মহাস্থান বাজার থ্যাকা নিয়মিত শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, পটোল, বরবটি, টমেটো, মুলা নিয়ে আমি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় ভাড়া লিয়া যাই। কিন্তুক হরতাল-অবরোধের কারণে হাত গুটা বস্যা আচি। কুনো ভাড়া মারবার পারিচ্চি ন্যা।’