জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বগুড়ার শিবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির (এরশাদ) শরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে ওই নির্বাচনে ভোট দিতে না পেরে রাজনৈতিক নেতা ও ভোটারদের মধ্যে হতাশা ছিল। তবে উপজেলা নির্বাচন হচ্ছে—এ খবরে সেসব নেতা-কর্মীর মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
এলাকার অনেকে জানান, আসন্ন উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই নিজেকে তুলে ধরছেন সাধারণ মানুষের মাঝে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। অনেকে মাঠপর্যায়ে কর্মীদের সংগঠিত করতে শুরু করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ভোটার রয়েছে দুই লাখ ৭১ হাজার ২৪১ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৩৬ হাজার ৫২১ জন ও পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ৭২০ জন। নির্বাচন কমিশন প্রথম ধাপে ১০২টি উপজেলায় নির্বাচন করতে যাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে শিবগঞ্জে নির্বাচন না হলেও এ উপজেলায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মাতামাতির কমতি নেই।
কয়েকজন ভোটার ও সম্ভাব্য প্রার্থীরা জান্ন, আসন্ন নির্বাচনে এবার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর শাহে আলম, পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি মতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ফকির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমানের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে মীর শাহে আলম বলেন, ‘বিএনপি যদি উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে আমি বিএনপি থেকে প্রার্থী হতে চাইব। আর বিএনপি না গেলে আমি প্রার্থী হব না।’
মতিয়ার রহমান বলেন, ‘আমি গতবার বিএনপি থেকে সমর্থন পেয়েছিলাম। এবারও পাব আশা করছি।’ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, ‘মাঠের নেতা-কর্মীদের সঙ্গে আমার সম্পর্ক গভীর। তাঁদের চাওয়া অনুযায়ী আমি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’