শিবগঞ্জে সরকারি কলেজ ও উচ্চবিদ্যালয় নেই
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সরকারি কোনো উচ্চবিদ্যালয় ও কলেজ নেই। এ কারণে উপজেলার বিপুলসংখ্যক দরিদ্র শিক্ষার্থী স্বল্প ব্যয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় চার লাখ জনসংখ্যা অধ্যুষিত এ উপজেলায় শিক্ষার হার অনেক কম। উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন আছে। এখানে ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ৫১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৪টি মাদ্রাসা, আটটি কলেজ, পাঁচটি কারিগরি কলেজ ও একটি কৃষি কলেজ রয়েছে; কিন্তু মাধ্যমিক পর্যায়ে সরকারি কোনো কলেজ ও উচ্চবিদ্যালয় নেই। এ কারণে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে পড়তে জেলা শহর বা রাজধানীমুখী হতে হচ্ছে। এলাকায় যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে, সেগুলোর বেশির ভাগেই মানসম্পন্ন শিক্ষার সুযোগ নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বেশির ভাগ উচ্চবিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় বিজ্ঞানাগার এবং গ্রন্থাগার নেই; নেই প্রয়োজনীয় সরঞ্জাম। অনেক বিদ্যালয়ে কম্পিউটার বিষয়ের শিক্ষক থাকলেও কম্পিউটার নেই। তা ছাড়া রয়েছে ইংরেজি বিষয়ের শিক্ষকের অভাব।উপজেলার বানাইল গ্রামের ছাত্রী স্বপ্না রানী জানায়, সে গত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার আশা ছিল তার। কিন্তু তার দরিদ্র বাবা তাকে জেলা শহরে রেখে পড়াতে পারেননি। কোনো উপায় না পেয়ে অবশেষে এলাকারই একটি কলেজে ভর্তি হয়েছে সে।শিবগঞ্জ উন্নয়ন কমিটির (শিউক) মহাসচিব তৌহিদুর রহমান বলেন, উপজেলায় সরকারি কোনো উচ্চবিদ্যালয় ও কলেজ না থাকায় অনেক দরিদ্র মা-বাবা তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারছেন না। সংগঠনের পক্ষ থেকে এ দাবিতে লাগাতার মিছিল-সমাবেশ হয়েছে, কিন্তু দাবি পূরণ হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান জানান, বিষয়টি এলাকাবাসীর জন্য দুঃখজনক। তবে এলাকাবাসীর আবেদন পেলে জোরালো সুপারিশসহ তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, ‘এত বড় একটা উপজেলায় সরকারি কোনো হাইস্কুল বা কলেজ না থাকাটা সত্যিই বেমানান। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান করা যায়।’