বগুড়ার শিবগঞ্জে এক স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এক বখাটে যুবক উত্ত্যক্ত করায় ওই ছাত্রী বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। এদিকে নোয়াখালীর সেনবাগে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গত শনিবার এক বখাটেকে আটক করা হয়।বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শিবগঞ্জ শহরের আবদুল করিমের ছেলে কাজল মিয়া (২০) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কাজল ওই ছাত্রীকে মারধরও করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ছাত্রী শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রেমের প্রস্তাবে রাজি না হলে বখাটে কাজল ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করবে বলে হুমকি দিয়েছেন। ওই ছাত্রীর বাবা জানান, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে তাঁর মেয়ের পড়াশোনা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান জানান, বখাটে কাজল উত্ত্যক্ত করায় ওই ছাত্রীর বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ হওয়ার উপক্রম। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, অভিযোগ পাওয়ার পরপরই ওই বখাটেকে ধরতে পুলিশ চেষ্টা করছে।এদিকে নোয়াখালীর সেনবাগের শ্রীপদ্দি আদর্শ উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে খুরশিদ আলম (২২) নামের এক বখাটেকে শনিবার রাতে আটক করেছে পুলিশ। খুরশিদের বাড়ি শ্রীপদ্দি গ্রামে। ওই ছাত্রীর মা তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে গত শনিবার সেনবাগ থানায় খুরশিদ ও তাঁর সহযোগী ইসমাইল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ খুরশিদকে আটক করে। সেনবাগ থানার ওসি মোক্তার হোসেন জানান, খুরশিদকে শনিবার রাতে আটক করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। তারা এলে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।