শিবগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নয় মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রগুলোতে নয় মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসাসেবার ভরসাস্থল এসব কেন্দ্রে ওষুধ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে রয়েছে গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুরা।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, আগে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ৭০-৮০ জন রোগীকে বিনা মূল্যে ওষুধ দেওয়া হতো। ওষুধ না থাকায় শুধু ব্যবস্থাপত্র দিয়ে বিদায় দেওয়া হচ্ছে প্রান্তিক মানুষকে। এ অবস্থায় কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে রোগী আসাই বন্ধ হয়ে গেছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া-বুড়িগঞ্জ সড়কের গামড়া গ্রামের কাছে দেখা যায়, ভ্যানে করে একটি শিশুকে বুড়িগঞ্জ বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে থাকা অভিভাকেরা জানালেন, শিশুটির ভীষণ জ্বর। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোনো ওষুধ পাননি। শিশুটির মা নাসরিন বেগম বলেন, ‘হাসপাতালোত ডাক্তর নাই, ওষুদও নাই। তাই বাজারত যাচ্ছি। ভালো ডাক্তর দ্যাকান লাগবি।’
একই ইউনিয়নের দামগাড়া গ্রামের গৃহবধূ আনোয়ারা বেগম বলেন, ‘ইউনিয়নের হাসতালোত এখন আর কুনো ওষুদ দেয় না। সেবা পাওয়ার জন্যি অ্যাসা হামরা কষ্ট লিয়া ফিরা যাই।’
মাঝিহট্ট স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ইউনুছ আলীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ওষুধ সরবরাহ না থাকায় রোগীর উপস্থিতি কমে গেছে। ওষুধ সরবরাহ বন্ধ থাকায় তাঁদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।
আটমূল স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মহল্লাল কানু বলেন, ‘সাধারণ রোগীদের আমরা বোঝাতেই পারি না ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। অনেক রোগী এখানে এসে ওষুধ না পেয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে অনেক সময় আমাদের বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।’
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মা-শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলার আটটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র চালু করা হয়। সেখান থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু জানুয়ারি থেকে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক বলেন, ওষুধ সরবরাহ না থাকায় কার্যত স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। জরুরিভাবে ওষুধ সরবরাহের জন্য তিনি ঢাকা কেন্দ্রীয় দপ্তরসহ বিভিন্ন জায়গায় অনুরোধ করেছেন। তবে চলতি মাসেই তিনি কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহের ব্যবস্থা করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।