বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এ বছর আলুর ফলন ভালো হলেও ২০ হাজার বর্গাচাষির মুখে হাসি নেই। কারণ, উৎপাদিত আলু বিক্রির টাকা সেচপাম্পের মালিক, দাদন ব্যবসায়ী ও জমির মালিককে দিতেই শেষ হয়ে যাচ্ছে। এ কারণে তাঁরা লাভবান হচ্ছেন না।কৃষকেরা জানান, আলুর আবাদ করতে অনেক টাকার দরকার হয়। পুঁজি না থাকায় অনেকে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে আলুর আবাদ করেন। মৌখিক চুক্তি অনুযায়ী, আলু ওঠার পর আসল বাদে এক হাজার টাকায় এক থেকে দেড় মণ আলু দিতে হয় দাদন ব্যবসায়ীদের। উপজেলায় বর্তমানে প্রতিমণ আলু ৩৪০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।বেলঘুজা গ্রামের রফিকুল আনোয়ার, ইসমাইল হোসেন, শাহজাহান আলীসহ বেশ কয়েকজন কৃষক জানান, তাঁদের অনেকেরই নিজের জমি নেই। জমি বর্গা নিয়ে চাষ করেন। আলু ওঠার পর সেচপাম্পের মালিক ও দাদন ব্যবসায়ীকে টাকা শোধ করতে গিয়ে অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। বাকি আলুর অর্ধেক জমির মালিককে দিতে হয়। অবশিষ্ট আলু জমা রাখা হয় বছরের খোরাক হিসেবে। এতে তাঁদের লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারী হচ্ছে।গুজিয়া গ্রামের কৃষক আফছার আলী (৫০) বলেন, ‘হামার লিজের জমি ও আদি লিয়া দুই বিঘা জমিত আলুর আবাদ করিচি। দাদন ব্যবসায়ীদের কাচে থ্যাকে আলু আবাদ করব্যার আগে ২৫ হাজার টাকা ইন লিচনো। একন আসল ২৫ হাজার ট্যাকা আর ২৫ মণ আলু দেওয়া লাগবি। হিসাব কর্যা দেকনু, হামার লাবের চাইতে লোকসানই হলো বেশি।’উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কামাল পাশা জানান, উপজেলায় এবার প্রায় ২০ হাজার বর্গাচাষি সুদে টাকা নিয়ে আলুর আবাদ করেছেন। আলুর বর্তমান বাজারদর অনুযায়ী ঋণ ও উৎপাদন খরচ মিটিয়ে কৃষকদের আর লাভ থাকবে না।দাদন মাঝিহট্ট গ্রামের দাদন ব্যবসায়ী আসলামুদ্দিন সরকার (৩৫) বলেন, ‘আমরা কখনো কৃষকদের বলি না, টাকা নিয়ে যাও; বরং তাঁরাই আমাদের কাছে ধরনা দিয়ে টাকা নিয়ে যান। গরিব কৃষকদের প্রয়োজনের সময় কেউ টাকা দেন না। আমরা টাকা না দিলে কৃষকদের আবাদ করাটাই কঠিন হয়ে পড়ত।’