শিবগঞ্জে ৪০ লাখ টাকা কমে হাট ইজারা!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিলহামলা হাট চলতি বছরের চেয়ে আগামী বছরের জন্য ৪০ লাখ ৪০ হাজার টাকা কম দরে ইজারা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের মাসিক সভায় এই দরে হাট ইজারার বিরোধিতা করে পুনঃ দরপত্র আহ্বানের দাবি উঠলেও তা আমলে নেওয়া হয়নি। তাই কম দরে হাট ইজারা দেওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি নিয়ে আমি আপত্তি জানিয়ে হাটটির পুনরায় দরপত্র আহ্বান করতে বলেছিলাম। কিন্তু আমার বক্তব্য মূল্যায়ন করা হয়নি। পুনঃ দরপত্র আহ্বান করে চক্র ভাঙতে পারলে গত বছরের চেয়ে বেশি দরে হাটটি ইজারা দেওয়ার সম্ভাবনা ছিল।’সংশ্লিষ্ট সূত্র জানায়, বুড়িগঞ্জ ইউনিয়নের ওই হাট বসে প্রতি সোম ও শুক্রবার। গত বছর (বাংলা ১৪১৭ সন) হাটটি এক কোটি ২৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। ১৪১৮ সনের জন্য ইজারা দিতে গত ৯ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হলে পাঁচটি দরপত্র বিক্রি হয়। এর মধ্যে দাখিল হয় তিনটি দরপত্র। ৮৪ লাখ ৬০ হাজার টাকার সর্বোচ্চ দর দেয় বগুড়া শহরের মেসার্স মাশফা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। ১৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের মাসিক সভায় প্রতিষ্ঠানটিকে ওই দরেই হাটটি ইজারা দেওয়া হয়।এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ওই হাটের সাবেক এক ইজারাদার জানান, স্থানীয়ভাবে চক্র করে হাটের দর কমানো হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলম জানান, হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ওই কমিটি কাকে হাট দেবে, তা সম্পূর্ণ তাদের বিষয়। তারা সিদ্ধান্ত নিয়ে শুধু তা অনুমোদনের জন্য উপজেলা পরিষদে দাখিল করে এবং উপজেলা পরিষদ থেকে সেটি অনুমোদন করা হয়।ইউএনও লুৎফর রহমান জানান, গত তিন বছরের গড় মূল্য নির্ধারণ করে তার চেয়ে অধিক মূল্য পাওয়া গেলেই হাট ইজারা দেওয়া হয়। সেই হিসেবে বিলহামলা হাটের গত তিন বছরের গড় মূল্য ছিল ৮৪ লাখ ৫০ হাজার ৮৩৪ টাকা। গত তিন বছরের গড় মূল্যের চেয়ে অধিক মূল্য পাওয়ায় হাটটি ইজারা দেওয়া হয়েছে। সরকারি বিধানের বাইরে গিয়ে হাট ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি জানান। গত বছরের চেয়ে কম মূল্যে হাটটি ইজারা দেওয়ার বিষয়ে পরিষদের মাসিক সভায় আপত্তি ওঠা প্রসঙ্গে তিনি জানান, আপত্তি তোলা যেতেই পারে। তবে সরকারি নীতিমালা তো মানতেই হবে। কাঙ্ক্ষিত দর পাওয়ায় হাটটি ইজারা দেওয়া হয়েছে।