শিবগঞ্জে ৮৫ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় ২০১০-১১ অর্থবছরে এ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নকে বেছে নেওয়া হয়। এ ইউনিয়নগুলোতে ৮৫ লাখ ৩১ হাজার ৬১৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, চেয়ারম্যানদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সচিবেরা প্রকল্প বাস্তবায়নে নিয়মনীতি উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো প্রকল্প গ্রহণ করে নয়-ছয় কাজ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনসাধারণকে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের দক্ষতা বৃদ্ধি এবং বরাদ্দ দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কর্মসংস্থানের সৃষ্টি, বিশেষ করে নারী এবং দুঃস্থ জনগণের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত উন্মুক্ত জনসভায় প্রকল্প পরিকল্পনা করার কথা। পাশাপাশি এলজিএসপির আওতায় গৃহীত ক্রয়-সম্পর্কিত সব তথ্য জনগণকে অবহিত করার জন্য ইউনিয়ন পরিষদ স্পষ্ট আকারে ও ভাষায় প্রকল্প এলাকায় সাইন বোর্ড থাকার কথা; যাতে করে জনগণ অতি সহজে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারে। এ ছাড়া প্রকল্প এলাকায় বাস্তবায়িতব্য প্রকল্পের কাজের বিবরণ, প্রাক্কলিত ব্যয়সহ বিস্তারিত তথ্যসহকারে বিলবোর্ড প্রকাশ করার নিয়ম থাকলেও ১১টি ইউনিয়নের কোনো প্রকল্পেই এসব নিয়ম মানা হয়নি। অভিযোগ রয়েছে, সচিবেরা এলাকাবাসীকে তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করে ঘাপলার মাধ্যমে কাজ শেষ করতেই এ নিয়ম মাানেননি। অভিযোগ উঠেছে, সচিবেরা তথ্যকেন্দ্রের জন্য যেসব সামগ্রী কিনেছেন তাতে দামের বড় ধরনের হেরফের রয়েছে। কোটেশনের মাধ্যমে সামগ্রী কেনার নিয়ম থাকলেও সচিবেরা নিজেরাই ইচ্ছেমতো এসব সামগ্রী কেনে পরে কোটেশনের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন। এ ছাড়া লাভজনক কাজ হিসেবে পরিচিত স্যানিটেশন সামগ্রী নির্মাণ, নালা নির্মাণ—এ জাতীয় প্রকল্প করে বরাদ্দের টাকা খরচ দেখানো হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে এলজিএসপির নীতিমালা বরাবরই উপেক্ষিত থেকে গেছে। আর জনগণ যাতে এসব ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে না পারে তার জন্য নীতিমালায় জণগণের অভিযোগ দাখিলের জন্য যাবতীয় তথ্য লিপিবদ্ধ করে বিলবোর্ড আকারে উন্মুক্ত স্থানে প্রকাশ করার কথা থাকলেও কোনো সচিবই তা করেননি।এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ সচিব কমিটির সভাপতি ও রায়নগর ইউনিয়নের সচিব কহিনূর ইসলাম বলেন, যখন বরাদ্দ এসেছে তখন সময় ছিল অনেক কম। তাড়াতাড়ি প্রকল্পের কাজ শেষ করতে গিয়ে বিলবোর্ড টাঙানো যায়নি। মাঝিহট্ট ইউনিয়নের সচিব আজিজুল ইসলাম জানান, তিনি তথ্যকেন্দ্রের জন্য চার লাখ টাকার বিভিন্ন সামগ্রী কিনেছেন। সেখানে কম্পিউটারের জন্য (মনিটর ছাড়া) দাম ধরা হয়েছে ১৯ হাজার টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, যে মানের কম্পিউটার কেনা হয়েছে, বাজারে তার দাম কোনোক্রমেই ১১ হাজার টাকার বেশি নয়।বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজার রহমান জানান, তাঁর ইউনিয়নে এলজিএসপির কাজ শেষ হয়েছে। তথ্যসেবা কেন্দ্রের জন্য কেনা সামগ্রীগুলো দেখতে চাইলে তিনি বলেন, ‘ওসব নতুন চেয়ারম্যানের বাড়িতে রাখা আছে।’পিরব ইউনিয়ন পরিষদের সচিব শামীমা আকতার জানান, সময়ের অভাবে বিলবোর্ড তিনি প্রদর্শন করতে পারেননি। তবে প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন করেছেন। কিন্তু ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘আমি এখনো তথ্যসেবাকেন্দ্রের কোনো সামগ্রী চোখে দেখিনি। অন্য প্রকল্প কোথায় সেটাও জানি না।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বলেন, ‘আমি মূলত তথ্যসেবাকেন্দ্রের সামগ্রীগুলোর ব্যাপারে পরিদর্শন করেছি। ওসব ঠিকঠাক মতোই কেনা হয়েছে।’