শিবগঞ্জের ঈদের ঐতিহ্য 'সিঁউ' হারিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের জমেলা বেওয়া (৭০) অনেক দিন হলো ঈদে ‘সিঁউ’ (হাতে তৈরি আটার একধরনের সেমাই) রান্না করেননি। কিন্তু ঈদ এলে অতীতের সিঁউয়ের কথা তাঁর বারবার মনে পড়ে।

জমেলা বলেন, ‘বছর দশেক আগে শখ করে সিঁউ তৈরি করেছিলাম। কিন্তু বাড়ির কেউ সেগুলো তেমন পছন্দ করেনি। সেই থেকে আর সিঁউ তৈরি হয়নি।’

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বাজারের সেমাই-লাচ্ছার কাছে হারিয়ে যাচ্ছে উপজেলার ঈদের অন্যতম খাবার সিঁউ। অথচ এ উপজেলায় একসময় এই সিঁউয়ের কদর ছিল খুব বেশি। ঈদের আগে পাড়ায় পাড়ায় ধুম লেগে যেত সিঁউ তৈরির। রোদে শুকানোর পর তা যত্ন করে রাখা হতো। ঈদের দিন নারকেল, গুড় বা চিনিসহ রান্না করা হতো এ সিঁউ। অবস্থাপন্ন মানুষেরা তাতে দুধও দিতেন। ঈদের দিনে এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যেত না, যেখানে সিঁউ রান্না হতো না। মজা করে এ সিঁউ খেয়ে সবাই যেতেন ঈদগাহে।

উপজেলার মাঝিহট্ট গ্রামের শাহিদা বেগম (৬০) আক্ষেপ করে বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, রোজা শুরু হওয়ার পর থেকেই শুরু হতো বাড়ি বাড়ি সিঁউ তৈরির কাজ। প্রথমে গমের আটা বা চালের গুঁড়া পানি দিয়ে মেখে নিয়ে শক্ত কোনো কাঠের ওপর ফেলে দীর্ঘ সময় ধরে তৈরি হতো সিঁউ। এরপর সিঁউ তৈরির জন্য মেশিন পাওয়া যেত। নির্দিষ্ট একটি জায়গার মধ্যে পানি দিয়ে মাখা আটা ফেলে মেশিনের হাতল ঘোরালে মেশিনের নিচে থাকা ছিদ্র দিয়ে বেরিয়ে আসত সিঁউ।’

তবে এবার উপজেলার কারিগরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে সিঁউ তৈরি করা হয়েছে। ওই বাড়িতে গেলে মোসলেম উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) বলেন, ‘শাশুড়ির কাছে শেখা এ রান্না এখনো ধরে রেখেছি। ছেলেমেয়েরা সিঁউ খেতে চায় না। এরপরও ঈদের দিন ঐতিহ্যের অংশ হিসেবে কিছু সিঁউ রান্না করি।’