শিবগঞ্জের সেই কলেজশিক্ষক জেলহাজতে
ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণের মামলায় এক কলেজশিক্ষককে গত বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। ওই শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আনোয়ার হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ডিগ্রি কলেজের ওই শিক্ষকের বিরুদ্ধে গত বছরের ৩ অক্টোবর তাঁর এক ছাত্রী ধর্ষণ, প্রতারণা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শিক্ষক ওই ছাত্রীর সঙ্গে কৌশলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে তা মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন। পরে মুঠোফোনটি নষ্ট হয়ে গেলে তিনি সেটি বিনোদপুর বাজারে মেরামত করতে দেন। সেখান থেকেই ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে ওই শিক্ষককে কলেজ থেকে বরখাস্ত করা হয়। এত দিন তিনি পলাতক ছিলেন।