শিবগঞ্জের সেই কৃষক এখন পঙ্গু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হামলায় আহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের সেই দরিদ্র কৃষক আযম আলী (২৫) এখন পঙ্গু৷ গত নয় মাস ধরে তিনি মানবেতর জীবন যাপন করছেন।
আযম আলী বলেন, ‘জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হাতে আহত হয়ে এলাকার আরও কয়েকজন পঙ্গু হয়েছেন। তাঁরা ভয়ে মামলা করেননি। আমিও করব না। মামলা করলে জানে মেরে ফেলবে বলে এখনো সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে৷’
সম্প্রতি আযম আলীর বাড়ি গিয়ে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন৷ এ সময় তিনি জানান, ক্র্যাচে ভর দিয়ে বাড়ির ভেতরেই চলাফেরা করেন। বেশির ভাগ সময় বিছানায় শুয়ে থাকেন। আযম আলী জানান, তিনি আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থক মাত্র। কানসাট পল্লী বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দেওয়ার দৃশ্যসংবলিত পোস্টার সাঁটানোর জন্য গত বছরের ৩ আগস্ট জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ধোবড়া বাজারে হামলা চালিয়ে তাঁকে পঙ্গু করে দিয়েছে৷
আযম আলীর অভিযোগ, তিনি জমিতে কাজ করে বিকেল চারটার দিকে ধোবড়া বাজার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় এলাকার জামায়াতের কর্মী মোন্না, ফড়িং, বাবুল, হাবিবুর, রহমান, ইয়াসীন আলী, আবদুল হান্নান, জামাল উদ্দীন, সুমনসহ ২৫-৩০ জন তাঁকে ঘিরে ধরে। এদের কয়েকজনের হাতে পিস্তলও ছিল৷ তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু ভয়ে বাজারের লোকজন কেউই এগিয়ে আসেনি। একজন হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। তিনি মাটিতে ঢলে পড়েন। এরপর হাতুড়ির আঘাতে তাঁর ডান পা ভেঙে দেওয়া হয়। ওই পায়েই চাপাতি দিয়ে এলাপাতাড়ি কোপানো হয়। কেটে দেওয়া হয় তাঁর পায়ের রগ।