শিবগঞ্জের ২২ বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই
কোনো যাত্রীছাউনি না থাকায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে বগুড়া, জয়পুরহাটসহ বিভিন্ন জায়গায় যাতায়াতকারী লোকজন চরম দুর্ভোগে পড়েছে। গ্রীষ্মের দাবদাহে ও বৃষ্টির মধ্যে তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুরে বাসের জন্য অপেক্ষা করছিলেন সবজি ব্যবসায়ী গফুর হোসেন (৪৫)। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। তিনি কোনো নিরাপদ স্থানে যেতে না পেরে বৃষ্টিতে ভিজে যান। বাধ্য হয়ে তিনি বাড়ি ফিরে যান। আবার একই স্থানে পরদিন দুপুরে কাপড় ব্যবসায়ী আনোয়ারুল হক (৪০) মোকামতলায় যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। প্রচণ্ড রোদে একসময় তিনি ঘেমে একাকার। এ রকম অবস্থা উপজেলার ২২টি বাসস্ট্যান্ড এলাকার। এসব স্থানে যাত্রীছাউনি না থাকায় প্রতিদিন যাত্রীরা দুর্ভোগে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান বাজার থেকে রহবল পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার, মোকামতলা-জয়পুরহাট সড়কের মোকামতলা বাজার থেকে সাদুরিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ও মহাস্থান-পিরব সড়কের মহাস্থান থেকে চরবাখরা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের ২৩টি স্থানে প্রধানত মানুষ বাস থেকে ওঠানামা করে। এর মধ্যে শুধু কামতারা মোড়ে একটি যাত্রীছাউনি রয়েছে। অন্যত্র সড়কের পাশে চা, পান বা মিষ্টির দোকানই ঝড়-বৃষ্টি বা রোদের হাত থেকে বাঁচতে যাত্রীদের একমাত্র ভরসা। অনেক স্থানে আবার দোকানপাট কিছুই নেই। এগুলো হলো মহাস্থানগড়, চণ্ডীহারা, মোকামতলা, পাকুরতলা, রহবল, গণেশপুর, রথবাড়ী, আমতলী, হরিপুর, কিচক, বলরামপুর, আফসন, পৌরসভা বাসস্ট্যান্ড, রায়নগর, নাগরবন্দর, বগিলাগাড়ী, সংসারদিঘি, কুড়াহাড়ের মোড়, জামতলা, জামুরহাট, সিহালী ও খয়রাপুকুর।
উপজেলার কামতারা মোড়ের যাত্রীছাউনিটিও গরু-ছাগলের আস্তানায় পরিণত হয়েছে। বসার জায়গাও ঠিকঠাক নেই। যাত্রীছাউনি ময়লা-আবর্জনায় ভরা থাকে। পরিস্থিতি এমনই যে, দুর্গন্ধের জন্য বেশিক্ষণ বসে থাকার উপায় নেই। এ ছাড়া একাংশ দখল করে পান-সিগারেটের দোকান দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে প্রতীক্ষালয়ের বাইরে গাছতলাতে দাঁড়িয়েই বাসের জন্য অপেক্ষা করে মানুষ।
পিরব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘যাত্রীছাউনি না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে জেনেও কিছু করতে পারছি না। কারণ, আমাদের পরিষদ থেকে এ ব্যয় মেটানো সম্ভব নয়।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিউটি বেগম বলেন, এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই। তবে যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ, তাই এ নিয়ে পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।