শিবচতুর্দশী মেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হর হর মহাদেব’, ‘জয় শিব শম্ভু’, ‘জয় বাবা ভোলানাথ’ ধ্বনিতে শেষ হলো সীতাকুণ্ডে লাখো পুণ্যার্থীর শিবচতুর্দশী মেলা।
কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে লোকসমাগম কম হলেও এবারে কয়েক লাখ পুণ্যার্থীর সমাগম হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে হাজার বছরের পুরোনো এই মেলাটি প্রাণ ফিরে পেয়েছে।
এদিকে চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে পুণ্যার্থীদের ভিড়ে খাদে পড়ে ও অসহ্য গরমে হিটস্ট্রোকে মারা গেছেন তিন পুণ্যার্থী। মৃত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মনোরঞ্জন ধর, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বাসিন্দা নিখিল চন্দ্র নাথ ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিদ্যুৎ দাশ। এ ছাড়া হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে রমণীয়া ত্রিপুরা, রানু বালা ঘোষ, বকুল রানী, রমা বণিক ও অজ্ঞাতনামা তিনজনসহ সাত পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
নিখিল চন্দ্র নাথ গতকাল মঙ্গলবার সকালে মারা যান। মনোরঞ্জন ও বিদ্যুৎ গত সোমবার বিকেলে মারা যান।
মেলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফকরুদ্দিন।
সোমবার সকালে এ প্রতিবেদক ১ হাজার ৩০০ ফুট ওপরের চন্দ্রনাথ মন্দিরে ওঠেন। মানুষের ভিড়ে মন্দিরে ওঠানামায় তিন ঘণ্টার পথে তাঁর ১০ ঘণ্টা লেগে যায়। অসহনীয় গরমে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তবু হর হর মহাদেব ধ্বনিত হতে থাকে পুণ্যার্থীদের মুখে।
এ সময় পঞ্চগড় থেকে আসা দিলীপ মোদক প্রথম আলোকে বলেন, পাহাড়ি পথটি অত্যন্ত সরু। তাই মানুষের ভিড়ে প্রচণ্ড ধাক্কাধাক্কি হয়। যেকোনো সময় খাদে পড়ে প্রাণহানি ঘটতে পারে।
নারায়ণগঞ্জ থেকে আসা শাপলা রানী বলেন, হাজার বছর ধরে এ অনুষ্ঠান হয়ে আসছে। কিন্তু মন্দিরে ওঠানামার পথ হাজার বছরের পুরোনো রয়ে গেছে। পুণ্যার্থী বাড়লেও মন্দিরের অবকাঠামো আধুনিকায়ন করা জরুরি।
মেলা কমিটির কার্যকরী সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পুণ্যার্থী মেলায় এসেছেন। সুষ্ঠুভাবে মেলা শেষ হয়েছে।