মাতৃমৃত্যুর হার কমাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত মাতৃ ভাউচার প্রকল্পে (স্কিম) অর্থ বরাদ্দ না থাকায় প্রায় পাঁচ মাস ধরে হবিগঞ্জের বানিয়াচং ও মাদারীপুর জেলার শিবচরে প্রায় পাঁচ হাজার দরিদ্র নারী প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত এ প্রকল্পের আওতায় দরিদ্র গর্ভবতী মহিলারা স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব, প্রসবোত্তর সেবা এবং যাতায়াত ভাতা পান। তাছাড়া প্রসবের পর প্রত্যেক মা পুষ্টিকর খাবারের জন্য দুই হাজার টাকা, শাড়ি এবং নবজাতকের জন্য জামা, তোয়ালে, সাবান পেয়ে থাকেন। টাকা পাওয়ার জন্য প্রতিদিনই হতদরিদ্র মায়েরা হাসপাতালে সংশ্লিষ্টদের কাছে ধরনা দিচ্ছেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট তিন হাজার ৮২১ জন নিরাপদ প্রসবসহ অন্যান্য সেবা নিয়েছেন। কিন্তু মাত্র এক হাজার মাকে পুষ্টিকর খাবারের টাকা এবং উপহারসমগ্রী দেওয়া সম্ভব হয়েছে। প্রকল্পের বানিয়াচংয়ের সমন্বয়ক আশরাফুল ইসলাম জানান, ‘তহবিলের অভাবে অনেক প্রসূতিকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বলেন, বরাদ্দের অভাবে সময়মতো নারীদের টাকা দিতে না পারায় সুবিধাভোগীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। মাদারীপুরের শিবচরে এ বছর জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত প্রায় এক হাজার ৮০০ নারী এ প্রকল্পের আওতাভুক্ত হলেও এদের কোনো অর্থ দেওয়া হচ্ছে না। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, বরাদ্দ না থাকায় টাকা দেওয়া যাচ্ছে না। প্রকল্পের শিবচর উপজেলা সমন্বয়কারী কবির হোসেন বলেন, এ প্রকল্পের ফলে ২০০৮ সালের মার্চ থেকে ২০০৯ সাল পর্যন্ত শিবচরের মাতৃমৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় এসেছে। এ বছর প্রকল্পের অর্থ বরাদ্দ না দেওয়ায় প্রসূতিদের বিভিন্ন সেবা দেওয়া যাচ্ছে না।