শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদ্যাপন উ ৎসব শুরু
মাদারীপুরের শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের গৌরবের শতবর্ষপূর্তি উ ৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষার্থীরা দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে নতুন সাজে সাজানো হয়েছে। উ ৎসব কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। উ ৎসবের প্রথম দিনে প্রতিষ্ঠানটি স্থাপনের প্রধান উদ্যোক্তা কাশীশ্বরী দেবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৯১০ সালের ১০ ডিসেম্বর শিবচরের ঐতিহ্যবাহী বাবুবাড়ির নিঃসন্তান কাশীশ্বরী সাহা তাঁর স্বামী নন্দকুমার সাহার স্মৃতি রক্ষার্থে নিজস্ব ৭০ একর জমির ওপর এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিবচরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বাদ্যের তালে তালে প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নেন। দুপুরে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী উপস্থিত হয়ে উ ৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আগত স্কুলের প্রবীণ শিক্ষার্থীরা সহপাঠীদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। উদ্যাপন কমিটির আহ্বায়ক সেলিম মিয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, মুক্তিযুদ্ধের সংগঠক আ. লতিফ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. মজিদ মৃধা, পরিবহন নেতা মনির চৌধুরী, সাবেক পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূর-ই-আলম চৌধুরী বলেন, সরকার শিক্ষার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যদি সোনার ছেলে বের না হয়, তাহলে দেশের ভবিষ্য ৎ অন্ধকার। তাই বর্তমান সরকার চায়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সোনার ছেলে তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করুক। দ্বিতীয় দিন আজ শনিবারের আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা, ঢাকা থেকে আগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।